বোকো হারামের ১০ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিসংগঠন বোকো হারামের ১০ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে মধ্য আফ্রিকার দেশ চাদ। গতকাল রোববার সকালে দেশটির রাজধানী এনজামিনার উত্তর-পূর্বে ৬০ কিলোমিটার দূরে ম্যাসাগুয়েট শহরে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। খবর বিবিসির।
এ বছরের জুনে চাদের রাজধানী এনজামিনায় একটি বিদ্যালয় ও একটি পুলিশ ভবনে আত্মঘাতী বোমা হামলা হয়। এতে ৩৮ জন নিহত হন। এ হামলার এক মাস পর চাদ সরকার সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আবারও মৃত্যুদণ্ডের বিধান চালু করে। ওই ঘটনায় বোকো হারামের ১০ সদস্যকে আটকের পর চাদের আদালতে বিচারকার্য শুরু হয়। বিচারে ওই হামলার ঘটনায় তাঁদের বিরুদ্ধে আনা ষড়যন্ত্র, হত্যা, বিস্ফোরণসহ বিভিন্ন অভিযোগের প্রমাণ মেলে। পরে আদালত তাঁদের মৃত্যুদণ্ড দেন।
মৃত্যুদণ্ড দেওয়া জঙ্গিদের মধ্যে মোহাম্মদ মোস্তফা ও আকা বানা ফানায়ি নামের দুই সদস্য ছিলেন এ হামলার মূল পরিকল্পনাকারী। জুনের ওই হামলার এক মাস পর জুলাই মাসে রাজধানী এনজামিনায় এক বিপণিবিতানে আরেকটি হামলা হয়।