বোমায় নিহত ৪৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাইজেরিয়ার উত্তরের শহর কানোতে গতকাল দুই আত্মঘাতী নারীর হামলায় অন্তত ১২ জন নিহত ও ৬০ জন আহত হয়েছে। একই অঞ্চলের ইয়োলা শহরের একটি বাজারে আত্মঘাতী বোমা হামলায় ৩২ জন নিহত হওয়ার পরদিন এ ঘটনা ঘটল। ইয়োলা নাইজেরিয়ার উত্তরের আদামাওয়া রাজ্যের একটি শহর। গত মঙ্গলবার স্থানীয় সময় রাত আটটার দিকে ওই হামলায় আহত হয় আরও ৮০ জন। আর গতকালের আত্মঘাতী হামলা চালানো হয় কানো শহরের একটি মুঠোফোনের বাজারে। এটি কানো রাজ্যের প্রধান এবং নাইজেরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর। দুটি হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে কয়েক বছর ধরেই জঙ্গি সংগঠন বোকো হারাম নাইজেরিয়া ও আশপাশের কয়েকটি দেশে সন্ত্রাসী হামলা চালিয়ে আসছে। এর আগে গত শনিবার নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি ইয়োলা সফরে গিয়ে বলেছিলেন, বোকো হারাম ধ্বংস হওয়ার পথে রয়েছে। বিবিসি