ভাইস প্রেসিডেন্টকে বরখাস্তের জেরে 'অভ্যুত্থান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবার্ট মুগাবের সঙ্গে স্ত্রী গ্রেস মুগাবে (এএফপির ফাইল ছবি)
রবার্ট মুগাবের সঙ্গে স্ত্রী গ্রেস মুগাবে (এএফপির ফাইল ছবি)

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে ‘গৃহবন্দী’ করে ক্ষমতার নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে নেওয়ার পেছনে কাজ করেছে গত সপ্তাহেই তাঁর নেওয়া একটি সিদ্ধান্ত। গত সপ্তাহে উত্তরসূরি ভাইস প্রেসিডেন্টকে বরখাস্ত করেছিলেন মুগাবে।

বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট মুগাবে গত সপ্তাহে তাঁর ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়াকে বরখাস্ত করার পর থেকে রাজনৈতিক সংকটের সূত্রপাত। এত দিন নানগাগওয়াকেই মুগাবের উত্তরসূরি ভাবা হচ্ছিল। কিন্তু ৯৩ বছর বয়সী মুগাবে সম্প্রতি তাঁর স্ত্রী গ্রেস মুগাবেকে উত্তরসূরি করার পরিকল্পনা করেন। এই প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি বরখাস্ত করেন ভাইস প্রেসিডেন্ট নানগাগওয়াকে। এই নানগাগওয়া দেশটির সেনাবাহিনীর কাছে বেশ জনপ্রিয়। মুগাবের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় সেনাবাহিনী। আর এ কারণেই প্রেসিডেন্ট পদে নানগাগওয়াকে বসাতে মঙ্গলবার মধ্যরাতে অভ্যুত্থান করে বসে সেনাবাহিনী।

দলীয় অনুষ্ঠানে গ্রেস মুগাব ও বরখাস্ত ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া (রয়টার্সের ফাইল ছবি)
দলীয় অনুষ্ঠানে গ্রেস মুগাব ও বরখাস্ত ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া (রয়টার্সের ফাইল ছবি)

এএফপির খবরে বলা হয়, গত সপ্তাহে ভাইস প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত হওয়ার পর দক্ষিণ আফ্রিকায় পালিয়ে যান নানগাগওয়া। তবে সেনাবাহিনী জিম্বাবুয়ের নিয়ন্ত্রণ নেওয়ার পর আজ বুধবার সকালে তিনি দেশে ফিরেছেন।

যদিও দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে মেজর জেনারেল সিবুসিসো ময়ো বলেছেন, এটা কোনো অভ্যুত্থান নয়। মুগাবে নিরাপদে আছেন। তাঁদের উদ্দেশ্য হাসিলের পর দেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন ওই সেনা কর্মকর্তা।

জিম্বাবুয়ের সেনাপ্রধান জেনারেল কনস্টাতিনো চিয়েংগা দেশটির প্রেসিডেন্ট মুগাবে, তাঁর দল জানু-পিএফ ও মিত্রদের হুঁশিয়ারি দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অবস্থান নেন সেনাসদস্যরা। তাঁরা রাষ্ট্রীয় টেলিভিশন দখলে নেন। পার্লামেন্টের সামনে সেনা মোতায়েন করা হয়। রাজধানী হারারেতে প্রবেশের পথগুলোতে সেনা মোতায়েন করা হয়। পুলিশ বাহিনীর নিয়ন্ত্রণও নিজেদের হাতে নেয় সেনাবাহিনী।