ভাষা আর ধর্মের জটিল পাটিগণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য আসামের আসন্ন বিধানসভা ভোটের প্রচারে ক্ষমতাসীন কংগ্রেস মূল ইস্যু করছে তাদের গত ১৫ বছরের শাসনকালের উন্নয়নকে। অন্যদিকে বিরোধী দল বিজেপি ও তাদের ‘দোসর’ আঞ্চলিক দল অসম গণ পরিষদ (অগপ) বা সারা ভারত সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা (এআইইউডিএফ) কংগ্রেসের ‘অপশাসনকে’ দুষছে। কিন্তু আসামের এবারের ভোটের প্রচারে কান পাতলেই শোনা যায়, সংখ্যালঘু ভোটব্যাংক দখলের মরিয়া আর্তনাদ। শেষ বিচারে তাই আসামের ভাষিক আর ধর্মীয় সংখ্যালঘুর জটিল পাটিগণিতই এবারের নির্বাচনের সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে।
আগের সব রেকর্ড মুছে দিয়ে আসামে টানা ১৫ বছর মুখ্যমন্ত্রীর চেয়ারে রয়েছেন কংগ্রেস নেতা তরুণ গগৈ। এবারও ক্ষমতায় ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী তরুণ গগৈকে প্রশ্ন করা হলে তিনি প্রথম আলোকে বলেন, উন্নয়নের নিরিখেই কংগ্রেস ফের ক্ষমতায় আসবে। বিজেপি অপপ্রচার চালাচ্ছে বলেও তাঁর অভিযোগ। কিন্তু একই সঙ্গে গগৈয়ের দাবি, হিন্দু, মুসলমান, খ্রিষ্টান ও বৌদ্ধ সবার জন্য একমাত্র কংগ্রেসই নিরাপদ। আসামের ভাষিক সংখ্যালঘু বাঙালিদের জন্য তাঁর সরকার আন্তরিক। প্রবীণ এই কংগ্রেস নেতার সাফ কথা, বিজেপি ক্ষমতায় এলে সংখ্যালঘুরা বিপদে পড়বেন।
অন্যদিকে বিজেপি উল্টো কংগ্রেসের বিরুদ্ধেই সংখ্যালঘু তাস খেলার অভিযোগ তুলেছে। দলের রাজ্য শাখার সহসভাপতি মিশন রঞ্জন দাশ প্রথম আলোকে বলেন, কংগ্রেসের আমলে দুর্নীতি ছাড়া রাজ্য কিছুই পায়নি। সংখ্যালঘু তোষণের মাধ্যমে কংগ্রেসই সাম্প্রদায়িক রাজনীতি করছে। আসাম-জয়ে মরিয়া বিজেপিও উন্নয়নকে প্রচারের অন্যতম হাতিয়ার করেছে। নরেন্দ্র মোদির উন্নয়ন-প্রচারকে তুঙ্গে নেওয়ার চেষ্টায় ত্রুটি রাখেনি তারা। কিন্তু বড় ভরসা সেই জাতপাতের রাজনীতি। খোদ নরেন্দ্র মোদি আসামের জনসভায় প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন, ২০১৪-এর আগে যেসব হিন্দু ‘উদ্বাস্তু হয়ে’ বাংলাদেশ থেকে এসেছেন তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে। আর এখন খোদ বিজেপির রাজ্য সহসভাপতি বলছেন, বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে আসা সংখ্যালঘুদের সবাইকেই শরণার্থীর মর্যাদা দিয়ে দেওয়া হবে নাগরিকত্ব। এর জন্য জাতীয় সংসদে বিলও তৈরি বলে দাবি করেন মিশনরঞ্জন দাশ।
পাশাপাশি ভোটের বাজারে মুসলিম ভোটও যে তাদের চাই, সেটাও মাথায় আছে বিজেপি ‘থিঙ্ক ট্যাঙ্কের’। তাই বিজেপির সহসভাপতি প্রচারে বলছেন, দাঙ্গা তো এ দেশে কংগ্রেসিরাই বেশি করেছে। কংগ্রেসের আমলেই মুসলিমরা কোথাও নিরাপদ নয়। আর অসম গণ পরিষদকে পাশে পাওয়ায় বিজেপি নেতাদের আশা, মুসলিম ভোটেও তাঁরা এবার ভালোই থাবা বসাবেন। তবে অন্তত প্রচারের ঝলকানিতে মনে হচ্ছে আসামের রাজনীতিতে মুসলিমদের ওপর বেশি প্রভাব এখন এআইইউডিএফেরই। হাটে-বাজারে কান পাতলে শোনা যায়, এই সংগঠনও নাকি বিজেপির সঙ্গে জোটে যাওয়ার জন্য গোপনে চেষ্টা চালাচ্ছে। তবে এরই মাঝে সংখ্যালঘুদের দল হিসেবে পরিচিত এআইইউডিএফের কার্যকরী সভাপতি আদিত্য লাংথাসা সংবাদ সম্মেলন করে ঘোষণা করেছেন, তাঁরা বিজেপির সঙ্গে জোটে যাবেন না। দলের সুপ্রিমো বদরুদ্দিন আজমল এক ধাপ এগিয়ে দাবি করেন, তাঁদের হেয়প্রতিপন্ন করতে কংগ্রেসই এসব রটাচ্ছে। বিজেপির সঙ্গে কোনো রকম রফায় তাঁরা যাবেন না বলে প্রথম আলোকে সাফ জানান আজমল।
বদরুদ্দিন আজমল জানান, বিজেপি রুখতে কংগ্রেসের সঙ্গে জোটের রাস্তা খোলা রাখছেন তাঁরা। তবে কংগ্রেস জানিয়ে দিয়েছে তারা কারও সঙ্গে জোট করবে না। মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের দাবি, কংগ্রেস একাই ক্ষমতায় ফিরবে। প্রদেশ কংগ্রেস সভাপতি অঞ্জন দত্তকে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি প্রথম আলোকে বলেন, আসামে বিরোধীদের শক্তি কিছু কিছু পকেটেই সীমাবদ্ধ। আসাম থেকেই শুরু হবে কংগ্রেসের পুনরুত্থান-যাত্রা। সঙ্গে নরেন্দ্র মোদির পতনেরও।
২০১১-এর আদমশুমারি অনুযায়ী, আসামের জনসংখ্যার প্রায় ২৭ শতাংশ মুসলিম। ৩১ শতাংশেরও বেশি মানুষের মাতৃভাষা বাংলা। এ ছাড়া রয়েছেন বোড়ো, ডিমাসা, রাভা, চা জনজাতিসহ বিভিন্ন জনগোষ্ঠী। ফলে এখানকার নির্বাচন জাতপাতের প্রভাবমুক্ত হওয়া খুব কঠিন। আর এটাই ভাবাচ্ছে সব কটি রাজনৈতিক দলকেই। তবে বিরোধীরা এককাট্টা না হওয়ায় ভোটের পাটিগণিতে কংগ্রেস কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে।