ভুট্টা যেখানে আশার আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপ্রতুল বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকার কিছু অঞ্চলজুড়ে খরা পরিস্থিতি তৈরি হয়েছে। জিম্বাবুয়ের সরকারি কর্মকর্তারা বলছেন, খরার কারণে দেশটির এক-চতুর্থাংশ মানুষকে অনাহারে থাকতে হতে পারে। অনেক গ্রামে বন্য ফল খেয়ে বেঁচে থাকতে হবে মানুষকে।


গত কয়েক মৌসুমজুড়েই এখানকার প্রধান খাদ্যশস্য ভুট্টা উৎপাদন একেবারে তলানিতে এসে ঠেকেছে। এ বছর বর্ষা মৌসুম দেরিতে শুরু হওয়ায় যথাসময়ে ভুট্টা বোনা সম্ভব হয়নি। এ ছাড়া অত্যন্ত গরমে ভুট্টা ঠিকমতো বেড়ে ওঠেনি।

এ পরিস্থিতিতে জিম্বাবুয়ের কৃষকদের আশার আলো দেখাচ্ছে একধরনের হাইব্রিড ভুট্টা বীজ। আন্তর্জান্তিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (ইন্টারন্যাশনাল মেজ অ্যান্ড হুইট ইমপ্রুভমেন্ট সেন্টার) বা সিআইএমএমওয়াইটি জিম্বাবুয়ের জাকাতে খরা ও উচ্চ তাপমাত্রা প্রতিরোধী হাইব্রিড ভুট্টা উৎপাদন নিয়ে পরীক্ষা চালাচ্ছে।

গবেষকেরা বলছেন, এই হাইব্রিড ভুট্টা চাষে প্রচলিত ভুট্টার চেয়ে ৬০ শতাংশ পানি কম লাগে এবং ৩৫ ডিগ্রির ওপরে তাপমাত্রা সহনীয়।

জাকার ক্ষুদ্র চাষি সিজার চাভিজা বলেন, আমরা যদি নতুন এই ভুট্টা বীজ পাই তবে তা আমাদের জন্য অনেক উপকার হবে।

বেসরকারি সংস্থা ইউএসএআইডি খরাপ্রবণ অঞ্চলে নতুন ভুট্টা বীজ উৎপাদনের জন্য সিআইএমএমওয়াইটিকে ৫ হাজার ডলার সাহায্য দিয়েছে।

তবে এ বীজ এখনো সরকারিভাবে বিপণন করা হচ্ছে না। দেশটির কিছু বিপণিকেন্দ্রে এ বীজ পাওয়া যাচ্ছে। তথ্যসূত্র: এএফপি।