মঙ্গলবারের মধ্যেই মুক্তি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ায় জঙ্গি সংগঠন বোকো হারামের হাতে অপহৃত ২০০-এর বেশি স্কুলছাত্রী কাল মঙ্গলবারের মধ্যেই মুক্তি পেতে পারে। দেশটির প্রেসিডেন্টের দপ্তরের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর রয়টার্সের।
নাইজেরিয়ার বিমানবাহিনী ও প্রতিরক্ষাবিষয়ক প্রধান অ্যালেক্স বাদেহ গত শুক্রবার বোকো হারামের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে সমঝোতার কথা ঘোষণা করে অপহৃত ছাত্রীদের আসন্ন মুক্তির প্রথম আভাস দেন। তবে নাইজেরিয়ার স্থানীয় দৈনিক পাঞ্চ শনিবার জানিয়েছিল, গত এপ্রিলে অপহৃত স্কুলছাত্রীরাসহ বোকো হারামের হাতে বন্দী অন্যরা সোমবার (আজ) মুক্তি পেতে পারে।
নাইজেরিয়ার প্রেসিডেন্টের দপ্তরের জ্যেষ্ঠ ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে গত শনিবার জানান, বোকো হারামের সঙ্গে সমঝোতার বিষয়টি কার্যকর করতে সরকার ব্যাপক চেষ্টা করছে। ওই সমঝোতা অনুযায়ী অপহৃত স্কুলছাত্রীরা সোমবার না হলে মঙ্গলবারের মধ্যেই মুক্তি পেতে পারে।