মানবতাবিরোধী অপরাধ : চাদের স্বৈরশাসকের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইসেন হাবরে
হাইসেন হাবরে

মানবতাবিরোধী অপরাধের দায়ে চাদের সাবেক স্বৈরশাসক হাইসেন হাবরেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ধর্ষণ, নারীদের যৌনদাসী করে রাখা ও হত্যার অপরাধে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। যুদ্ধাপরাধের বিচারের জন্য আফ্রিকান ইউনিয়নের (এইউ) সমর্থনে গঠিত সেনেগালের বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আজ সোমবার এ দণ্ডাদেশ দেন। খবর বিবিসির।
‘আফ্রিকার পিনোশে’ নামে খ্যাত হাইসেন হাবরেকে ২০১৩ সালের জুনে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই সেনেগালের রাজধানী ডাকারে বন্দী রয়েছেন তিনি। এ বিচার একটি ঐতিহাসিক নজির স্থাপন করেছে। কারণ, নৃশংসতার জন্য অভিযুক্ত আফ্রিকার স্বৈরশাসকদের এ পর্যন্ত কেবল আন্তর্জাতিক আদালতেই বিচার হয়েছে। আর এই বিচার হলো ইউর সমর্থনে গঠিত সেনেগালের বিশেষ ট্রাইব্যুনালে। এর আগে ২০১২ সালে হাবরের বিচারের জন্য একটি আদালত গঠনের চুক্তি সই করে সেনেগাল ও এইউ।

মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, ৭২ বছর বয়সী হাইসেন হাবরের আট বছরের শাসনামলে ৪০ হাজার লোককে হত্যা করা হয়। তাঁর বিরোধী এবং আদিবাসী সম্প্রদায়গুলো তীব্র নিপীড়নের শিকার হয়। তবে সেনেগালের সাবেক এই প্রেসিডেন্ট ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তাঁর শাসনামলে ৪০ হাজার মানুষ হত্যার অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন।
সেনেগাল এ বিচারটি বছরের পর বছর বিলম্বিত করে। এইউ ২০০৬ সালেই এ বিচারের অনুমোদন দিলেও দেশটির প্রেসিডেন্ট আবদুল্লায়ে ওয়াদের আমলে তা বেশ কয়েক বছর থমকে থাকে। ওয়াদে ২০১২ সালের নির্বাচনে হেরে যান।
২০০৫ সালে বেলজিয়ামের একটি আদালত হাবরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি করা হয়। কিন্তু সেনেগাল বিষয়টি বিচারের জন্য আফ্রিকান ইউনিয়নকে দায়িত্ব দেয়।