মারাক্কেশ ঘোষণাতেই শেষ হচ্ছে জলবায়ু সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে মারাক্কেশ ঘোষণার মধ্য দিয়েই শেষ হচ্ছে জাতিসংঘের ২২তম বিশ্ব জলবায়ু সম্মেলন। এক পৃষ্ঠার এই ঘোষণায় জলবায়ু পরিবর্তন মোকাবিলাকে সর্বোচ্চ রাজনৈতিক অগ্রাধিকার দেওয়ার কথা বলেছে রাষ্ট্রগুলো। সে জন্য প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নের ব্যাপারে একমত পোষণ করেছে ১৯৩টি রাষ্ট্র।

গতকাল শুক্রবার মারাক্কেশ সম্মেলনের সমাপনী দিনে মরক্কোর সময় সকাল ১০টায় সম্মেলনের আয়োজক সংস্থা ইউএনএফসিসিসির ওয়েবসাইটে ওই ঘোষণা প্রকাশ করা হয়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) পূরণকে ওই ঘোষণার অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে স্বল্পোন্নত রাষ্ট্রগুলোর জন্য দারিদ্র্য বিমোচন ও উন্নয়নকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

তবে প্যারিস চুক্তি বাস্তবায়নবিষয়ক সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটির (সিএমএ‍) সভা সম্মেলনের মধ্যে এক দিন শুরু হলেও কিছুক্ষণ পর বন্ধ করে বলা হয়েছে, আগামী বছর তা হবে। ওই সভায় তোলার জন্য অন্য ১০টি বিষয়ে যে অগ্রগতি হওয়া দরকার, তা না হওয়াই এর কারণ। বলা হয়েছে, আগামী দুই বছর প্যারিস চুক্তি বাস্তবায়নের নীতিকাঠামো (রুলবুক‍) তৈরিতেই ব্যয় হবে।

সম্মেলনে আসা বাংলাদেশ প্রতিনিধিদল এবং বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২০ সালের আগে প্যারিস চুক্তির কার্যকর বাস্তবায়ন শুরু হচ্ছে না। আগামী দুই বছর ১১টি বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করে রাষ্ট্রগুলো যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছাবে, সে বিষয়গুলো ধরেই চুক্তি বাস্তবায়নের কাজ শুরু হবে।

জানতে চাইলে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন আহমেদ প্রথম আলোকেবলেন, জলবায়ু সমঝোতা নিয়ে প্যারিস চুক্তির দ্রুত বাস্তবায়নের দাবি বাংলাদেশ তুলে যাবে। একই সঙ্গে জলবায়ু সহযোগিতা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনাও চলবে।

মূলত মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদের উদ্যোগেই মারাক্কেশ ঘোষণা দেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তন বিষয়ে অবিশ্বাসী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বিশ্বের অনেকেই ধারণা করেছিলেন, এই সম্মেলনেই হয়তো যুক্তরাষ্ট্র এ বিষয়ে তার নেতিবাচক অবস্থান ঘোষণা করবে। কিন্তু জাতিসংঘের মহাসচিব বান কি মুন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও নোবেলজয়ী জলবায়ু আন্দোলনকারী আল গোরের উদ্যোগে যুক্তরাষ্ট্র তার আগের ভূমিকায় অটল থাকে। সম্মেলন চলাকালে ট্রাম্প প্যারিস চুক্তি নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকেন।

অন্যদিকে জলবায়ু সম্মেলনে যোগ দেওয়া স্বল্পোন্নত রাষ্ট্র ও পরিবেশবাদী সংগঠনগুলোর মধ্যে প্যারিস চুক্তির বাস্তবায়ন নিয়ে হতাশা দানা বাঁধছিল। সেই হতাশা নানাভাবে প্রকাশও পাচ্ছিল। প্যারিস চুক্তি স্বাক্ষরের পর যাতে প্রক্রিয়াগত কারণে তা বাস্তবায়নে দেরি না হয়, সে জন্য ১১০টি দেশ দ্রুত তাতে স্বাক্ষরও করে। ফলে এই সম্মেলনে ওই চুক্তি বাস্তবায়নের রূপরেখা তৈরিতে যাতে বিলম্ব না হয়, সেই চেষ্টা উদ্যোক্তাদের পক্ষ থেকে করা হয়। যাতে মারাক্কেশ সম্মেলন ব্যর্থ হিসেবে চিহ্নিত না হয়।

এই পরিস্থিতিতে উচ্চপর্যায়ের আলোচনায় মারাক্কেশ ঘোষণা দিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগে আশার আলো জ্বালিয়ে রাখার উদ্যোগ নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তাঁর বক্তৃতায় প্যারিস চুক্তি বাস্তবায়নে তাঁর দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত মনে করেন, ট্রাম্প শেষ পর্যন্ত প্যারিস চুক্তি নিয়ে কী করবেন, তা বোঝার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে।

মারাক্কেশ ঘোষণায় যা আছে: মারাক্কেশ ঘোষণায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে সবুজ জলবায়ু তহবিলে রাষ্ট্রগুলোকে ২০২০ সালের মধ্যে এক হাজার কোটি মার্কিন ডলার দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে এই শতাব্দীর মধ্যে বিশ্বের তাপমাত্রা যাতে আরও ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি না বাড়ে, সে জন্য রাষ্ট্রগুলোকে কার্বন নিঃসরণ কমানোর অঙ্গীকার বাস্তবায়নের জন্য বলা হয়েছে।

বাংলাদেশ প্যারিসে স্বতঃপ্রণোদিতভাবে কার্বন নিঃসরণ কমানোর যে অঙ্গীকারনামা (এনডিসি) জমা দিয়েছে তাতে বলেছে, তারা নিজস্ব অর্থায়নে ৫ শতাংশ ও আন্তর্জাতিক সহায়তা পেতে আরও ১০ শতাংশ অতিরিক্ত কার্বন নিঃসরণ কমাবে। মূলত জ্বালানি, পরিবহন ও শিল্প খাত থেকে ওই কার্বন নিঃসরণ কমাবে।

গতকাল মরক্কোর সময় সকাল আটটায় (বাংলদেশ সময় বেলা দুইটা) শুরু হওয়া সম্মেলনের সমাপনী অধিবেশন স্থানীয় সময় রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত চলবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে। অর্থাৎ বাংলাদেশ সময় আজ শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে সম্মেলন শেষ হচ্ছে। ২৩তম বিশ্ব জলবায়ু সম্মেলনের জন্য প্রাথমিকভাবে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র ফিজিকে মনোনীত করা হয়েছে। তবে সেখানে এত বড় সম্মেলন আয়োজন কঠিন হবে, তাই ফিজি জার্মানির বন বা বার্লিন শহরে সম্মেলন করবে বলে জানিয়েছে। সমাপনী অধিবেশনে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।