মালিতে হামলায় পাঁচ শান্তিরক্ষী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালিতে জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি ঘাঁটিতে গতকাল শুক্রবার সন্ত্রাসী হামলায় পাঁচজন শান্তিরক্ষী নিহত হয়েছেন। পাশাপাশি কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। খবর এএফপির।

জাতিসংঘের মহাসচিব বান কি মুন হামলার নিন্দা জানিয়ে বলেছেন, শান্তিরক্ষীদের ওপর হামলা যুদ্ধাপরাধ। মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, হামলায় নিহত শান্তিরক্ষীদের কয়েকজন গিনির নাগরিক। পাশাপাশি অন্য দেশের নাগরিকও থাকতে পারে।

মালির উত্তরাঞ্চলীয় শহর কিদালে গতকাল স্থানীয় সময় সকাল পৌনে সাতটার দিকে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কো-অর্ডিনেশন অব আজওয়াদ মুভমেন্টসের (সিএমএ) মুখপাত্র রাদুয়ানে আগ মোহাম্মদ আলী বলেন, এমআইএনইউএসএমএ (জাতিসংঘের শান্তিরক্ষা মিশন) ঘাঁটিতে বন্দুক ও মর্টার নিয়ে হামলা করা হয়েছে। ইসলামপন্থীরা এ হামলা চালিয়েছে। সম্ভবত একটি আত্মঘাতী গাড়ি হামলাও চালানো হয়েছে। হামলাকারীরা আটটি মর্টারের শেল ছোড়ার পাশাপাশি বন্দুক থেকে গুলি চালায় বলেও জানান তিনি।

মালির উত্তরাঞ্চলেরই আরেক শহর তিমবাকতুতে জাতিসংঘের একটি সামরিক শিবিরে এক হামলায় মালির এক সেনাসদস্য ও সন্দেহভাজন চার জঙ্গি নিহত হওয়ার এক সপ্তাহের মাথায় এ হামলার ঘটনা ঘটল। দেশটিতে জাতিসংঘ মিশনের নতুন প্রধান মাহামাত সালেহ আন্নাদিফের সফরের মধ্যে এ হামলার ঘটনা ঘটল।

মালির উত্তরাঞ্চল বহুদিন ধরেই অস্থিতিশীল। ২০১২ সালে সেখানকার বহু এলাকা দখল করে নেয় আল-কায়েদাপন্থী জঙ্গিরা। এতে করে ওই এলাকার বিদ্রোহী গোষ্ঠী তুয়ারেগ কোণঠাসা হয়ে পড়ে। ২০১৩ সালের জানুয়ারিতে ফ্রান্সের নেতৃত্বাধীন বাহিনী অভিযান চালিয়ে জঙ্গিদের উৎখাত করলেও তারা অব্যাহতভাবে হুমকি দিয়ে আসছে।