মালিতে জিম্মি নাটকের অবসান, ১৮ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালির বামাকোতে অভিজাত একটি হোটেলে বন্দুকধারীর অস্ত্রের মুখে জিম্মি ১৭০ জনের মধ্যে একজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ছবি রয়টার্স
মালির বামাকোতে অভিজাত একটি হোটেলে বন্দুকধারীর অস্ত্রের মুখে জিম্মি ১৭০ জনের মধ্যে একজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ছবি রয়টার্স

পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোতে অভিজাত হোটেলে আজ শুক্রবার বন্দুকধারীর অস্ত্রের মুখে ১৭০ জনকে জিম্মি করার পর বিশেষ অভিযানে তার অবসান হয়েছে। বিবিসির খবরে বলা হয়, এ ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। ওই হোটেলে আর কোনো জিম্মি নেই।
বিবিসি ও এএফপির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মালিকানাধীন র‍্যাডিসন ব্লু নামের ওই হোটেলে আজ শুক্রবার ১৭০ জনকে জিম্মি করে বন্দুকধারীরা। প্রাথমিক খবরে জানা যায়, বাংলাদেশ সময় রাত নয়টা পর্যন্ত জিম্মি নাটক চলছিল। তখন পর্যন্ত গুলিতে কমপক্ষে তিনজন নিহত হয়। একপর্যায়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ৮০ জনকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে এ হামলার দায়দায়িত্ব কেউ স্বীকার করেনি।
র‍্যাডিসন ব্লু হোটেলে ঢুকে অস্ত্রের মুখে অতিথি ও কর্মচারীসহ ১৭০ জনকে জিম্মি করে ফেলে কয়েকজন বন্দুকধারী। তারা কূটনৈতিক নম্বরপ্লেটধারী কয়েকটি গাড়িতে করে আসে। তারা হোটেলের বাইরে থাকা প্রতিবন্ধক ভেঙে ভেতরে ঢোকে। পরে জিম্মিদের উদ্ধারে অভিযান শুরু করে মালির নিরাপত্তা বাহিনীর বিশেষ দল। ওই হোটেলে ফ্রান্স, চীন, তুরস্ক ও ভারতীয় নাগরিকেরা ছিলেন। দেশটিতে সফররত বিদেশি, বিশেষত ব্যবসায়ী ও এয়ারলাইনসের কর্মীদের কাছে বেশ জনপ্রিয় হোটেলটি।
মালির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, জিম্মি হওয়া ব্যক্তিদের মধ্যে ৮০ জনের মতো হোটেল থেকে পালাতে পেরেছেন বা নিরাপত্তা বাহিনীর সহায়তায় উদ্ধার হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন তুরস্কের পাঁচজন এয়ার ক্রু। এয়ার ফ্রান্স কর্তৃপক্ষ বলেছে, তাদের ১২ জন কর্মী উদ্ধার অভিযানে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

গণমাধ্যমের খবর অনুযায়ী, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত হোটেলে টার্কি এয়ারলাইনসের ছয়জন কর্মী, ভারতের ২০ জন ও চীনের ১০ জনের মতো নাগরিকসহ অন্তত ১৩৮ জন জিম্মি ছিলেন।
মালিতে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী জানায়, হোটেলে প্রতিটি তলায় চালানো বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যদের অভিযানে তারা সহায়তা করছে। অভিযানে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্য ও গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে বলে গণমাধ্যমে উল্লেখ করা হয়।

আরও পড়ুন