মালিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে এক অভিজাত হোটেলে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে আজ সোমবার থেকে দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক শুরু হয়েছে।

সংহতি জানিয়ে এই শোক-কর্মসূচিতে যোগ দিয়েছে প্রতিবেশী দেশ সেনেগাল, মৌরিতানিয়া ও গিনি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত শুক্রবার মালির রাজধানী বামাকোতে র‍্যাডিসন ব্লু হোটেলে জঙ্গি হামলা হয়। এতে অন্তত ১৯ জন নিহত হন। এরপর দেশটিতে ১০ দিনের জরুরি-অবস্থা ঘোষণা করা হয়। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত থেকে তা কার্যকর হয়েছে।

হামলার দায় দুটি পৃথক জঙ্গিগোষ্ঠী স্বীকার করেছে। ঘটনাটি তদন্ত করছে দেশটির কর্তৃপক্ষ। তবে তদন্তকারীরা এখনো হামলাকারীদের সংখ্যা ও তাদের জাতীয়তা সম্পর্কে নিশ্চিত হতে পারেননি।

বিদেশিসহ ১৭০ জনকে জিম্মি করেছিল বন্দুকধারীরা। পরে সেনা-অভিযানের মধ্য দিয়ে ওই জিম্মিদশার অবসান ঘটে।

সরকারি তথ্য অনুযায়ী, ওই ঘটনায় নিহত ১৯ জনের মধ্যে ১৪ জন বিদেশি। নিহত ব্যক্তিদের মধ্যে দুই হামলাকারীও রয়েছে।

আরও পড়ুন: