মালিতে সেনা অভিযানে নিহত ২০৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালির কয়েক সেনাসদস্য
ছবি: রয়টার্স ফাইল ছবি

মালির সাহেল রাজ্যের মৌরা এলাকায় দেশটির সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে ২০৩ জন নিহত হয়েছেন। গত ২৩ থেকে ৩১ মার্চ পর্যন্ত এ অভিযান চালানো হয়েছে। মালির সেনাবাহিনীর বিবৃতির বরাতে বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন প্রতিবেদনে অভিযোগ করা হয়, মৌরা এলাকায় বেসামরিক নাগরিকসহ বেশ কিছুসংখ্যক মানুষ হত্যার শিকার হয়েছেন।

এমন অবস্থায় স্থানীয় সময় গতকাল শুক্রবার বিবৃতি দিয়েছে মালির সেনাবাহিনী। বিবৃতিতে বলা হয়, সেনাসদস্যরা ২০৩ জন জঙ্গিকে হত্যা করেছেন এবং ৫১ জনকে গ্রেপ্তার করেছেন। বিপুল অস্ত্রও জব্দ করেছেন তাঁরা। সাহেল রাজ্যের মৌরা এলাকাকে ‘সন্ত্রাসী জগৎ’ হিসেবে উল্লেখ করেছে সেনাবাহিনী।

মালিতে ২ কোটি ১০ লাখ মানুষের বসবাস। ২০১২ সালে দেশটির বিভিন্ন এলাকায় জঙ্গি তৎপরতা ছড়িয়ে পড়ে। তখন থেকে এ পর্যন্ত জঙ্গি হামলায় হাজারো সেনাসদস্য ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সংঘাতপূর্ণ এ পরিস্থিতিতে বিভিন্ন নির্যাতন-নিপীড়ন চালানোর অভিযোগ রয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধেও।

সম্প্রতি নিরাপত্তা পরিষদে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেন, ‘মালিতে সন্ত্রাস দমনের জন্য যেসব চেষ্টা চালানো হচ্ছে, তা বেসামরিক নাগরিকদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।’

গতকালের বিবৃতিতে মালির সেনাবাহিনী দাবি করেছে, তারা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতি বজায় রেখেই কার্যক্রম চালাচ্ছে।