মালিয়াকে বিয়ে করবেন, দেবেন ১৫০ পশু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্টের মেয়েকে বিয়ে করার ইচ্ছে পোষণ করেছেন, ভালো কথা। বিনিময়ে হবু শ্বশুরমশাইকে গরুসহ দেড় শ গবাদিপশু উপঢৌকন দিতে চান তিনি! ফেলিক্স কিপরোনো নামে কেনিয়ার এক তরুণ আইনজীবী এমনটাই করেছেন। নাইরোবির একটি পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে গতকাল মঙ্গলবার এই বাসনার কথা জানিয়েছেন তিনি। খবর এএফপির।
প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়ে মালিয়ার বয়স এখন মাত্র ১৬। ফেলিক্স তাঁর বয়স না জানালেও নিজেকে তরুণ বলেই দাবি করেছেন।
২০০৮ সালে ওবামা যখন প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন মালিয়ার বয়স ছিল ১০। পেলিক্স বলেন, ‘আমি তখনই মালিয়ার প্রতি আকর্ষণবোধ করি। সত্যি বলতে কি, আমি এখনো কোনো মেয়ের সঙ্গে সময় কাটাইনি। আমি প্রতিজ্ঞা করছি, মালিয়ার প্রতি বিশ্বস্ত থাকব। বিষয়টি আমার পরিবারকে জানিয়েছি। তারা সহযোগিতা করবে বলে জানিয়েছে।’
ফেলিক্স বলেন, ওবামা এ বছরের জুলাইয়ে প্রথমবারের মতো কেনিয়া আসছেন। মালিয়াকে বিয়ে করতে চাওয়ার প্রস্তাবটি তখনই তিনি তাঁকে (ওবামা) দিতে চান। আর ওই সফরের সময় তিনি যেন মালিয়াকে সঙ্গে আনেন, সেই অনুরোধ জানিয়ে তিনি ওবামাকে একটি চিঠিও লিখছেন।
ফেলিক্স বলেন, ‘লোকজন ভাবতে পারে, আমি ওবামার সম্পদের লোভে মালিয়াকে বিয়ে করতে চাইছি। এই ভাবনা ভুল। মালিয়ার জন্য আমার ভালোবাসায় খাদ নেই।’ তিনি বলেন, মালিয়াকে বিয়ে করতে চাওয়ার স্বপ্নপূরণের জন্য ওবামাকে ৫০টি গরু, ৭০টি ভেড়া ও ৩০টি ছাগল দিতে চান।
পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে ফেলিক্স বলেন, ‘গরু কীভাবে দুধ দেয়, কেনিয়ার নারীরা কীভাবে রান্নাবান্না করে, সেসব কিছু আমি মালিয়াকে শেখাতে চাই। আমি তাকে নিয়ে খুব সাধারণ জীবন যাপন করতে চাই।’