মালির অন্তর্বর্তী প্রেসিডেন্টের ওপর হামলাকারী মারা গেছেন
মালির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আসিমি গোইতাকে হামলার চেষ্টাকারী গ্রেপ্তার ব্যক্তি পুলিশি হেফাজতে মারা গেছেন। গত মঙ্গলবার ঈদুল আজহার নামাজ চলাকালে আসিমি গোইতাকে লক্ষ্য করে ছুরি নিয়ে হামলার চেষ্টার ঘটনা ঘটে। রাজধানী বামাকোর গ্র্যান্ড মসজিদে এ ঘটনা ঘটে বলে প্রেসিডেন্ট দপ্তর থেকে জানানো হয়। হামলার পরপরই নিরাপত্তাকর্মীরা হামলাকারীকে আটক করেন। খবর এএফপির।
নিরাপত্তাকর্মীদের হাতে আটক ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি মালির সরকার। পুলিশি হেফাজতে হামলাকারীর মৃত্যুর বিষয়ে গতকাল রোববার এক বিবৃতি দিয়েছে তারা। বিবৃতিতে বলা হয়, ‘তদন্ত চলাকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মারা যাওয়াটা দুঃখজনক। হামলার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত চালিয়ে যেতে হামলাকারীর মৃত্যু কোনো বাধা হয়ে দাঁড়াবে না।’
হামলার পরপর নিরাপত্তাকর্মীরা গোইতাকে সরিয়ে নেন। পরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, তিনি বেশ ভালো আছেন। এসব ঘটনা নেতাদের জীবনের একটা অংশ, চারপাশে সব সময় বিক্ষুব্ধ লোকজন থাকবে। কিছু মানুষ রয়েছে, যারা অস্থিরতা তৈরি করতে যেকোনো সময় এমন ঘটনা ঘটাবে।
হামলাকারী বয়সে তরুণ। হামলার সময় তাঁর পরনে জিনস ও সাদা শার্ট ছিল বলে এএফপির এক প্রতিবেদনে বলা হয়। হামলার পরপরই মালির একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁকে নিয়ে যান। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র এএফপিকে বলেন, হামলাকারীকে আটকের পর কখনোই বিচারের মুখোমুখি করা হয়নি।
মালিতে গত বছরের আগস্টে এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকর কেউতাকে ক্ষমতাচ্যুত করা হয়। সেই অভ্যুত্থানে নেতৃত্ব দেন গোইতা। এক বছরের কম সময়ের মধ্যে আবার সামরিক অভ্যুত্থান ঘটল পশ্চিম আফ্রিকার দেশটিতে।
গত মে মাসে দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট বাহ এনদাও ও প্রধানমন্ত্রী মোখতার উয়ানেকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গ্রেপ্তার করে সেনাবাহিনী। এরপর তাঁরা পদত্যাগের ঘোষণা দিলে মালির ভাইস প্রেসিডেন্ট ও সাবেক জান্তাপ্রধান কর্নেল আসিমি গোইতা নিজেকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন।