মালির হোটেলে জঙ্গি হানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালির বামাকো শহরের র‍্যাডিসন ব্লু হোটেল থেকে দুই নারীকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা l ছবি: এএফপি
মালির বামাকো শহরের র‍্যাডিসন ব্লু হোটেল থেকে দুই নারীকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা l ছবি: এএফপি

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন এক অভিজাত হোটেলে গতকাল শুক্রবার বিদেশিসহ ১৭০ জনকে জিম্মি করে বন্দুকধারীরা। নয় ঘণ্টা পর এ জিম্মিদশার অবসান ঘটে। এ ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছে। আল-কায়েদা ইন ইসলামিক মাগরেব এ হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে। জাতিসংঘ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। খবর বিবিসি, রয়টার্স ও এএফপির।
গতকাল গ্রিনিচ মান সময় সকাল সাতটার দিকে মালির রাজধানী বামাকোর র্যা ডিসন ব্লু হোটেলে ঢুকে অস্ত্রের মুখে অতিথি, কর্মচারীসহ ১৭০ জনকে জিম্মি করে ফেলে কয়েকজন বন্দুকধারী। তারা কূটনৈতিক নম্বরপ্লেটধারী কয়েকটি গাড়িতে করে আসে। বন্দুকধারীরা হোটেলের বাইরে থাকা প্রতিবন্ধক ভেঙে ভেতরে ঢোকে। ওই হোটেলে ফ্রান্স, যুক্তরাষ্ট্র, চীন, তুরস্ক ও ভারতীয় নাগরিকেরা ছিলেন। দেশটিতে সফররত বিদেশি, বিশেষত ব্যবসায়ী ও এয়ারলাইনসের কর্মীদের কাছে বেশ জনপ্রিয় হোটেলটি।
নিরাপত্তা বাহিনী সূত্র এবং স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোর দেওয়া খবর মোতাবেক, হোটেলটির প্রতিটি তলায় মালির নিরাপত্তা বাহিনীর বিশেষ দলের অভিযানের ফলে গ্রিনিচ সময় বিকেল সাড়ে চারটার দিকে এই জিম্মিদশার অবসান ঘটে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে তুরস্কের ৫ জন এয়ার ক্রু, এয়ার ফ্রান্সের ১২ জন কর্মী এবং যুক্তরাষ্ট্রের ৬ জন নাগরিক রয়েছেন বলে দেশগুলোর কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।
মালিতে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী জানায়, হোটেলের প্রতিটি তলায় চালানো বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যদের অভিযানে তারা সহায়তা করে। অভিযানে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্য ও গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করে বলে গণমাধ্যমে উল্লেখ করা হয়। এ ছাড়া ঘটনা মোকাবিলায় ৫০ সদস্যের একটি ফরাসি আধা সামরিক পুলিশ দল বামাকোর উদ্দেশে রওনা হয়।
জাতিসংঘের একজন কর্মকর্তার বরাত দিয়ে গ্রিনিচ সময় বিকেল পাঁচটার (বাংলাদেশ সময় রাত ১১টা) দিকে রয়টার্সের খবরে বলা হয়, হোটেলটিতে জিম্মিদশার অবসান ঘটেছে। এ ঘটনায় অন্তত ২৭ জন জিম্মি নিহত হয়েছে। দুজন বন্দুকধারীও নিহত হয়েছে।
খবরে বলা হয়, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সদস্যরা প্রাথমিকভাবে হোটেলটির বেসমেন্টে ১২টি এবং তৃতীয় তলায় আরও ১৫টি লাশ পেয়েছেন বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।
মালির নিরাপত্তাবিষয়ক মন্ত্রী সালিফ ট্রারোরেও জিম্মিদশা অবসান ঘটার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, তাদের (জিম্মিকারী) হাতে আর কোনো জিম্মি নেই। নিরাপত্তা বাহিনী এখন তাদের শনাক্ত করার প্রক্রিয়ায় রয়েছে। তবে কয়েকজন বন্দুকধারী এখনো হোটেল ভবনের ওপরের তলায় লুকিয়ে আছে বলেও জানান তিনি।
হোটেল কর্তৃপক্ষ বলেছে, হঠাৎ করেই হোটেলে ঢুকে পড়ে ১৪০ জন অতিথি ও ৩০ জন কর্মীকে জিম্মি করে দুই বন্দুকধারী। হোটেলের একজন বাগান পরিচর্যাকারীর কথায়, ‘মুখোশ পরা কয়েকজন হামলাকারী একটি গাড়িতে করে আসে। হোটেলের প্রবেশমুখে নিরাপত্তাকর্মীরা তাদের আটকান। তখনই গুলি ছোড়া শুরু করে বন্দুকধারীরা। এতে আমরা সবাই পালিয়ে যাই।’
আরেকজন প্রত্যক্ষদর্শী বলেন, হামলাকারীরা সংখ্যায় ঠিক কতজন ছিল, তা বলা কঠিন। তবে তাদের সংখ্যা ৫ থেকে ১৩ জন হবে। তারা হোটেলের প্রবেশপথে থাকা তিনজন নিরাপত্তাকর্মীকে আহত করে। গণমাধ্যমের খবরে হামলাকারীর সংখ্যা ১০ জন বলে উল্লেখ করা হয়।
হামলাকারীরা ইংরেজিতে কথা বলছিল বলে জানা গেছে। এ হামলা ও জিম্মির ঘটনায় মালিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে সে দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয় গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
মোনিক কুয়ামে নামে আইভরিকোস্টের একজন অতিথি বার্তা সংস্থা এপিকে বলেন, তিনি কয়েকজন বন্দুকধারীকে পঞ্চম বা ষষ্ঠতলার দিকে ছুটতে দেখেন। তখন নিরাপত্তা বাহিনীর সহায়তায় তিনি এবং আরও ছয়জন বাইরে বেরিয়ে আসেন। কুয়ামে বলেন, ‘আমার ধারণা, বন্দুকধারীরা এখনো সেখানে অবস্থান করছে। আমি বের হতে পারলেও সেখানে কী চলছে, তা জানি না।’
বন্দিদশা থেকে মুক্তি পাওয়া চীনের এক নাগরিক জানান, চীনের অন্তত সাতজনকে জিম্মি করা হয়েছে।
জিম্মিকারীদের কবল থেকে যাঁরা পালিয়ে আসতে সক্ষম হয়েছেন, তাঁদের মধ্যে সেকুবা বামবিনো নামে গিনির একজন সংগীতশিল্পীও রয়েছেন। তবে তিনি কীভাবে বের হতে সক্ষম হন, তা স্পষ্ট নয়।
বিবিসির খবরে বলা হয়, মালির জঙ্গি সংগঠন আল-কায়েদা ইন ইসলামিক মাগরেব ও তাদের সহযোগী সংগঠন আল-মুরাবিতুম এ হামলার দায় স্বীকার করেছে। এসব জঙ্গির ব্যবহৃত একটি এজেন্সিতে এ খবর প্রকাশ করা হয়।
২০১৩ সালে আল-কায়েদা ইন ইসলামিক মাগরেব রাজধানী বামাকোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। তখন তাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল ফ্রান্স। মালি ফ্রান্সের সাবেক উপনিবেশ।
গত আগস্টেও মধ্য মালিতে এক হোটেলে বন্দুকধারীদের গুলিতে জাতিসংঘের পাঁচজন কর্মীসহ অন্তত ১৩ জন নিহত হন। সেটিও ছিল একটি জিম্মি করার ঘটনা।