মালেমার বিচার আগামী বছর পর্যন্ত স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির অভিযোগে দক্ষিণ আফ্রিকা সরকারের তীব্র সমালোচক বিরোধী নেতা জুলিয়াস মালেমার বিচার আগামী বছর পর্যন্ত স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার আদালত এ আদেশ দেন। খবর বিবিসির।
৩৩ বছর বয়সী জুলিয়াস মালেমা একসময় ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) যুব শাখার নেতা ছিলেন। তিনি নিজেই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন এবং দরিদ্রদের অধিকারের বিষয় নিয়ে কথা বলার জন্য পরিচিত।
এএনসি থেকে বহিষ্কৃত মালেমার বিরুদ্ধে জালিয়াতি, কালোটাকা অবৈধভাবে সাদা করা এবং অসাধু উপায়ে অর্থ উপার্জনের অভিযোগ তোলা হয়েছে। তাঁর বিচার কার্যক্রমে দুই পক্ষের সব আইনজীবী উপস্থিত থাকতে না পারায় তা আগামী বছরের আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, মালেমা সরকারি চুক্তিসংক্রান্ত অবৈধ কার্যক্রম থেকে প্রায় চার লাখ ডলার পেয়েছেন। মালেমা তাঁর বিরুদ্ধে তোলা সব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, এগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। গত আগস্ট মাসে পার্লামেন্টে প্রেসিডেন্টের প্রশ্নোত্তরের সময় জ্যাকব জুমার কথিত দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দিয়ে প্রচারমাধ্যমের শিরোনাম হন এই অনলবর্ষী নেতা।
ইকোনমিক ফ্রিডম ফাইটার্স (ইএফএফ) নামে একটি নতুন সংগঠনের প্রধান মালেমা গত বছর দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার আইনি চেষ্টা করে ব্যর্থ হন। তাঁর বিরুদ্ধে দুর্নীতির ৭০০টি অভিযোগ রয়েছে। দোষী সাব্যস্ত হলে এমপির পদ হারাবেন মালেমা।