মুক্ত নারীদের মুখে বোকো হারামের নিষ্ঠুরতার কথা
উমারাউ নামের দুই সন্তানের এক মা বলছিলেন এ কথা। নাইজেরিয়ার জঙ্গি ইসলামি সংগঠন বোকো হারামের হাত থেকে মুক্ত হওয়া নারীদের একজন তিনি। গত এক সপ্তাহে উত্তর-পূর্ব নাইজেরিয়ার সামবিসা বনে অভিযান চালিয়ে বন্দী প্রায় সাত শ নারী ও শিশুকে উদ্ধার করেছে সেনাবাহিনী। খবর বিবিসির।
উদ্ধার পাওয়া নারীদের প্রায় সবাই নির্যাতনের একই ধরনের চিত্র তুলে ধরেন। তাঁরা বলেন, বন্দিশিবিরে সেনাবাহিনীর অভিযানের সময় যেসব নারী বোকো হারামের পলায়নপর সদস্যদের সঙ্গে যেতে অস্বীকৃতি জানিয়েছেন তাঁদের পাথর ছুড়ে মারা হয়। এতে অনেকেই মারা যান। তবে নিহতের নারীর সংখ্যা নিশ্চিত করে বলতে পারেননি মুক্ত হওয়া নারীরা।
উদ্ধার হওয়া নারীরা জানান, তাঁদেরও অপহরণের পর পরই জঙ্গিরা পুরুষ এবং বেশি বয়সী বালকদের তাঁদের পরিবারের সদস্যদের সামনেই মেরে ফেলে। এরপর নারী এবং শিশুদের জঙ্গলের মধ্যে নিয়ে যায়। অনেক নারীকেই জোর করে বিয়ে দেওয়া হয়। নারীরা বলেন, জঙ্গিরা তাঁদের কখনোই চোখের আড়ালে যেতে দিত না। মুক্ত হওয়া নারী আসাবি উমারু বলেন, ‘ওরা আমাদের এক ইঞ্চি নড়তে দিত না। আমাদের পণবন্দীর মতো একটি জায়গাতেই থাকতে হতো।’
এক নারী জানান, বন্দিদশায় তাঁদের দিনে মাত্র এক বেলা খেতে দেওয়া হতো। সিসিলিয়া রাবেল নামে আরেকজন বলেন, ‘আমাদের দিনের মধ্যে শুধু বিকেলে একবার ভুট্টার গুঁড়া খেতে দেওয়া হতো। তা মোটেও মানুষের খাওয়ার উপযুক্ত নয়।’
দীর্ঘ সময় ধরে নিম্নমানের খাদ্য খাওয়ার ফলে অপুষ্টিতে ভুগে এবং নানা রোগেও অনেক বন্দীর মৃত্যু ঘটেছে।
উদ্ধার হওয়া এসব নারী ও শিশুকে গাড়িতে ইয়োলা শহরে এনে একটি অস্থায়ী সরকারি শিবিরে রাখা হয়েছে। এদের বেশির ভাগকেই গত বছর গুমসুরি গ্রাম থেকে অপহরণ করা হয়েছিল। তবে উদ্ধার হওয়া নারীদের মধ্যে গত বছর গুমসুরির কাছেরই গ্রাম চিবক থেকে অপহৃত তিন শ স্কুল ছাত্রীর কেউ নেই বলে জানিয়েছে সেনাবাহিনী।
নাইজেরিয়ায় একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০৯ সালে বিদ্রোহ শুরু করে বোকো হারাম। তারপর থেকে গোষ্ঠীটির হামলায় কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। গত ফেব্রুয়ারি মাস থেকে নাইজেরিয়ার সেনাবাহিনী প্রতিবেশী কয়েকটি দেশের সহযোগিতায় বোকো হারামের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করে।