মোগাদিসুতে পুলিশ কেন্দ্রে হামলায় ৫ জন নিহত
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর সুরক্ষিত এক পুলিশ স্থাপনায় সন্ত্রাসী হামলা হয়েছে। গতকাল রোববারের এ হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হোসেন বলেন, চার হামলাকারী নিহত হয়েছে। তাদের মধ্যে দুজন আত্মঘাতী হামলাকারী। তারা স্থানীয় জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের সদস্য বলে ধারণা করা হচ্ছে।
মোগাদিসুতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ের নিরাপত্তা কেন্দ্রে প্রথমে দুটি আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়। এরপর অন্তত দুজন বন্দুকধারী ওই কার্যালয়ের ভেতরে ঢোকার চেষ্টা করে। তবে পুলিশ তাদের গুলি করে হত্যা করেছে।
এর আগে আল শাবাবের সামরিক অভিযান বিষয়ক মুখপাত্র আব্দিয়াসিস আবু মুসাব বার্তা সংস্থা রয়টার্সের কাছে হামলার দায় স্বীকার করেন। তিনি বলেন, ‘ আমাদের এক যোদ্ধা সিআইডি দপ্তরের ভেতরে একটি আত্মঘাতী গাড়িবোমার বিস্ফোরণ ঘটিয়েছে। এরপর অন্যান্য সশস্ত্র যোদ্ধা ভেতরে ঢুকে হামলা চালিয়েছে।’
চারদিন আগেই মোগাদিসু বিমানবন্দরের একটি প্রবেশ পথের কাছে এ জঙ্গি সংগঠন দুটি গাড়িবোমা হামলা চালায়। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছিল।
সোমালিয়ার পাশ্চাত্য সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে লড়াইরত বিদ্রোহী জঙ্গিগোষ্ঠী আল শাবাব প্রায়ই রাজধানী মোগাদিসুতে প্রাণঘাতী হামলা চালায়। তাদের প্রতিহত করতে সরকারি বাহিনীকে সহায়তায় দেশটিতে আফ্রিকান ইউনিয়নের নেতৃত্বে ২২ হাজারের বেশি শান্তিরক্ষী নিয়োজিত আছে।