মোগাদিসুর হোটেলে শাবাবের গাড়িবোমা হামলায় নিহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে গতকাল বুধবার এক আত্মঘাতী গাড়িবোমা হামলা ও গুলিবর্ষণে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত ব্যক্তির সংখ্যা কমপক্ষে ৪০। আল-কায়েদার সঙ্গে যুক্ত জঙ্গি সংগঠন আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।
বিবিসি জানায়, প্রথমে এক আত্মঘাতী হামলাকারী নগরের অভিজাত অ্যাম্বাসেডর হোটেলের ফটকে গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়। তারপর বন্দুকধারীরা সেখানে হামলা চালায়। ওই হোটেলে সোমালিয়ার আইনপ্রণেতাদের যাতায়াত আছে। ঘটনার পর আল-শাবাব এক বিবৃতিতে বলেছে, তাদের যোদ্ধারা হোটেল ভবনটি উড়িয়ে দিয়েছে।
সোমালি নিরাপত্তা কর্মকর্তা আবদিরাসাক আহমেদ ওই হামলায় একজন বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, আরও অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
এদিকে স্থানীয় কর্মকর্তারা আরও জানান, দক্ষিণ-পশ্চিম সোমালিয়ায় সরকারি কমান্ডো ও সেনাদের হামলায় ১৬ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে। তাদের মধ্যে কেনিয়ার গারিসা বিশ্ববিদ্যালয়ে ২০১৫ সালের এপ্রিলের রক্তক্ষয়ী জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারী মোহাম্মদ মাহমুদ আলিসহ আল-শাবাবের চার জ্যেষ্ঠ যোদ্ধা রয়েছেন। কেনিয়ায় ওই হামলায় ১৪৮ জন নিহত হয়েছিল।