মোজাম্বিকে পাওয়া টুকরা মালয়েশীয় সেই বিমানের?
আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশ মোজাম্বিকের একটি সৈকতে উড়োজাহাজের ধ্বংসাবশেষের একটি টুকরা পাওয়া গেছে। মালয়েশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, এটি বোয়িং ৭৭৭ মডেলের উড়োজাহাজের অংশ হওয়ার ‘জোরালো সম্ভাবনা’ রয়েছে। ২০১৪ সালে রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়া মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ-৩৭০ একই মডেলের উড়োজাহাজ ছিল। খবর বিবিসির।
প্রায় সাড়ে ৩ ফুট লম্বা ধাতব অংশটি মোজাম্বিকের একটি সৈকতে খুঁজে পেয়েছেন মার্কিন আইনজীবী ও ব্লগার ব্লায়ান অ্যালান গিবসন। তিনি নিজের খরচে ভারত মহাসাগরের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এমএইচ-৩৭০-এর ধ্বংসাবশেষ খুঁজে আসছিলেন।
মালয়েশীয় উড়োজাহাজটি ২০১৪ সালের মার্চে কুয়ালালামপুর থেকে ২৩৯ জন যাত্রী নিয়ে চীনের বেইজিংয়ে যাওয়ার পথে নিখোঁজ হয়। স্যাটেলাইট যোগাযোগে পাওয়া সর্বশেষ তথ্য মোতাবেক, ভারত মহাসাগরেরই কোথাও উড়োজাহাজটির বিধ্বস্ত হওয়ার কথা। তবে অস্ট্রেলিয়ার নেতৃত্বে সাগরের বিভিন্ন এলাকায় তন্ন তন্ন করে খুঁজেও এই রহস্যের কোনো কিনারা হয়নি।
মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী লিও তিয়ং লাই টুইটারে লিখেছেন, প্রাথমিক তথ্য-উপাত্তের ভিত্তিতে বলা যায়, মোজাম্বিকে পাওয়া ধ্বংসাবশেষটির বোয়িং-৭৭৭ মডেলের উড়োজাহাজের হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে। তবে এখনই এমন আন্দাজ করা ঠিক হবে না যে, এটি সেই ফ্লাইট-৩৭০-এরই।
অস্ট্রেলিয়ার অবকাঠামো ও পরিবহনমন্ত্রী ড্যারেন চেস্টার এক বিবৃতিতে বলেন, এমএইচ-৩৭০-এর ধ্বংসাবশেষ সাগরের স্রোতে যেসব স্থানে চলে যেতে পারে, তার সঙ্গে মোজাম্বিকের ওই স্থানের সংগতি রয়েছে। এর আগে ভারত মহাসাগরেই ফ্রান্সের রেনিউয়েঁ দ্বীপের উপকূলে উড়োজাহাজটির ডানার একটি অংশ পাওয়া যায়।