ম্যান্ডেলার আদর্শ ধারণের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেলসন ম্যান্ডেলা
নেলসন ম্যান্ডেলা

বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলাকে ছাড়া একটি বছর পার করেছে দক্ষিণ আফ্রিকা তথা পুরো বিশ্ব। আজ শুক্রবার এই মহান নেতার প্রথম মৃত্যুবার্ষিকী। 
সুহৃদের মতে, ম্যান্ডেলাকে স্মরণ করার সবচেয়ে ভালো উপায় হতে পারে তাঁর মূল্যবোধ ও আদর্শ ধারণ করা।
দক্ষিণ আফ্রিকাসহ বিশ্ববাসী আজ নানা আয়োজনের মধ্য দিয়ে ম্যান্ডেলাকে স্মরণ করছে। ম্যান্ডেলার অনুসারীরা বলছেন, আনুষ্ঠানিকতা ছাপিয়ে বাস্তব জীবনে এই মহান নেতার আদর্শ ধারণ ও চর্চা করা হলে সেটাই হবে উত্তম।
ম্যান্ডেলার প্রথম মৃত্যুবার্ষিকী সামনে রেখে মাদিবার দর্শন-শান্তি, ঐক্য, উন্নয়ন, সমৃদ্ধি ও উন্নত জীবনের প্রতি নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ করার মাধ্যমে দক্ষিণ আফ্রিকার প্রয়াত নেতাকে স্মরণ করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা।
ম্যান্ডেলার প্রথম মৃত্যুবার্ষিকীতে দক্ষিণ আফ্রিকা ও বিশ্ববাসীকে এই মহান নেতার স্মৃতি জীবন্ত ও তাঁর মূল্যবোধ ধারণের আহ্বান জানিয়েছেন দেশটির সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রী বাথাবাইল ডালামিনি।
ডেমোক্রেটিক অ্যালায়েন্সের নেতা হেলেন জিলও ম্যান্ডেলার আদর্শ অনুসরণের প্রতি গুরুত্ব দিয়েছেন।
গত বছরের ৫ ডিসেম্বর ৯৫ বছর বয়সে জোহানেসবার্গের নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ম্যান্ডেলা। পূর্ব কেপটাউনের কুনু গ্রামে ১৯১৮ সালের ১৮ জুলাই জন্মেছিলেন তিনি।
ম্যান্ডেলার দীর্ঘ জীবনকালের প্রায় পুরোটাই কেটেছে মানবতার মুক্তির সংগ্রামে। কালো মানুষের নেতা থেকে তিনি হন বিশ্বনেতা।
কালো মানুষের মুক্তির লক্ষ্যে আন্দোলন করতে গিয়ে ২৭ বছর কারাবাস করেছেন মাদিবা। ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন। ১৯৯৩ সালে পান শান্তিতে নোবেল। ২০০৪ সালে রাজনীতি থেকে আনুষ্ঠানিকভাবে অবসরে যান তিনি।