যুক্তরাষ্ট্রের অনুরোধে ২ হাজার আফগান শরণার্থীকে আশ্রয় দেবে উগান্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগান শরণার্থীদের সাময়িকভাবে আশ্রয় দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে অনুরোধ জানাচ্ছে
ছবি: রয়টার্স

দুই হাজার আফগান শরণার্থীকে সাময়িকভাবে আশ্রয় দেবে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গতকাল মঙ্গলবার উগান্ডার পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের অনুরোধে তারা ওই আফগান শরণার্থীদের সাময়িকভাবে আশ্রয় দিতে সম্মত হয়েছে।

উগান্ডার শরণার্থীবিষয়ক মন্ত্রী এস্তার আন্যাকুন দাভিনিয়া বলেন, যুক্তরাষ্ট্র গত সোমবার তাঁর দেশের কাছে আফগান শরণার্থী গ্রহণের ব্যাপারে অনুরোধ জানায়। যুক্তরাষ্ট্রের এই অনুরোধের পরিপ্রেক্ষিতে দুই হাজার আফগান শরণার্থীকে সাময়িকভাবে আশ্রয় দেওয়ার জন্য সম্মতি জানিয়েছেন উগান্ডার প্রেসিডেন্ট।

উগান্ডার শরণার্থীবিষয়ক মন্ত্রী জানান, আফগানিস্তানের যে শরণার্থীদের আশ্রয় দেওয়া হবে, তারা তিন মাস উগান্ডায় থাকবে। তারপর তাদের অন্যত্র স্থানান্তর করবে যুক্তরাষ্ট্র।

আফগান শরণার্থীরা কবে উগান্ডায় যাওয়া শুরু করবে, তা স্পষ্ট নয় বলে জানায় রয়টার্স। তবে বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, প্রথম দফায় ৫০০ জন আফগান শরণার্থীর মঙ্গলবারই উগান্ডায় যাওয়ার কথা।

শরণার্থী গ্রহণের দীর্ঘ ইতিহাস রয়েছে উগান্ডার। দেশটিতে বর্তমানে প্রায় ১৪ লাখ শরণার্থী আছে।

আফগান শরণার্থীদের সাময়িকভাবে আশ্রয় দেওয়ার ব্যাপারে আলবেনিয়া ও কসোভোও যুক্তরাষ্ট্রের অনুরোধ গ্রহণ করেছে।

আফগান শরণার্থীদের সাময়িকভাবে আশ্রয় দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে অনুরোধ জানাচ্ছে বলে জানা গেছে। বাংলাদেশও একই অনুরোধ জানিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে বাংলাদেশ এই অনুরোধ নাকচ করেছে।

গত রোববার তালেবানের হাতে যুক্তরাষ্ট্র-সমর্থিত আফগান সরকারের পতন হয়। তালেবানের কাবুল দখলের পর হাজারো আফগান দেশ ছাড়তে মরিয়া হয়ে বিমানবন্দরে জড়ো হয়।