যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আফ্রিকার ৫ সন্ত্রাসী
আফ্রিকার পাঁচ সন্ত্রাসী নেতাকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। তাঁদের ওপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। তালিকাভুক্ত ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে কোনো সম্পত্তি থাকলে তা জব্দ করা হবে। গতকাল শুক্রবার ওই পাঁচজনকে কালো তালিকাভুক্ত করে মার্কিন পররাষ্ট্রদপ্তর। খবর এএফপির।
মার্কিন কালো তালিকায় নতুন সংযোজন নিয়ে একটি বিবৃতি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সেখানে তিনি উল্লেখ করেন, তালিকার শীর্ষে রয়েছেন আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের (আইএসআইএস) মোজাম্বিক অংশের জ্যেষ্ঠ নেতা বোনোমেদ মাসুদে ওমর।
গত মার্চে দেশটির পালমা শহরের আমারুলা হোটেলে হামলার নেতৃত্ব দেন ওমর। পালমা হামলায় বেশ কয়েকজন নিহত হন। এ ছাড়া ঘরছাড়া হয় আট হাজারের বেশি মানুষ। মোজাম্বিক ও তানজানিয়ায় আরও অনেক হামলার পেছনে ওমরের হাত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
তালিকায় আরও নাম রয়েছে সিদান আগ হিত্তা ও সালেম অল্ড ব্রেইহমাতের। তাঁরা দুজন সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার মালিভিত্তিক শাখা জামাত নাসর আল-ইসলাম ওয়াল মুসলিমিনের (জেএনআইএম) নেতা। তালিকায় জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের দুই নেতা রয়েছেন। দুজন হলেন গোষ্ঠী মুখপাত্র আলী মোহামেদ রেজ ও হামলার পরিকল্পনাকারী আবদিকাদির মোহামেদ আবদিকাদির। তাঁরা দুজন বিভিন্ন হামলার পরিকল্পনা করেছেন বলে উল্লেখ করেছেন অ্যান্টনি ব্লিঙ্কেন।
ব্লিঙ্কেন আরও বলেন, তালিকায় থাকা ব্যক্তিদের কোনো সম্পদ যুক্তরাষ্ট্রে থাকলে তা জব্দ করা হবে। এ ছাড়া তাঁদের সহায়তাকারী ব্যক্তিদের অপরাধী হিসেবে আমলে নেবে মার্কিন সরকার। তিনি বলেন, আইএসআইএস-মোজাম্বিক, জেএনআইএম ও আল-শাবাবের অর্থসংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়া ব্যাহত করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। এভাবে তাদের সন্ত্রাসী হামলার সক্ষমতা কমিয়ে আনা হবে।