যুদ্ধবিরতির কথা অস্বীকার করল বোকো হারাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়া সরকারের সঙ্গে যুদ্ধবিরতি এবং অপহৃত ২০০ কিশোরীকে ফিরিয়ে দিতে সম্মত হওয়ার কথা অস্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম। সরকার গত ১৭ অক্টোবর বলেছিল, বোকো হারাম যুদ্ধবিরতি ও অপহৃত কিশোরীদের ফিরিয়ে দিতে সম্মত হয়েছে। খবর বিবিসি ও এএফপির।
গত শুক্রবার প্রকাশিত একটি ভিডিওতে বোকো হারামের নেতা আবুবকর শেকাউ বলেছেন, অপহৃত স্কুলছাত্রী কিশোরীদের মুসলমান করিয়ে বিয়ে দেওয়া হয়েছে।
শেকাও ভিডিওতে বলেন, ‘আমরা কারও সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করিনি। কারও সঙ্গে সমঝোতার খবর একেবারে মিথ্যা। আমরা কারও সঙ্গে সমঝোতা করব না।’
ভিডিওটি ঠিক কবে এবং কোথায় ধারণ করা হয়েছে তা জানা যায়নি। এটি প্রকাশ পাওয়ায় নাইজেরিয়ার সরকার বিব্রত হবে বলে মনে করা হচ্ছে।
নাইজেরিয়ার সেনাবাহিনীর প্রধান আলেক্স বাদেহ গত ১৭ অক্টোবর বোকো হারামের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে মতৈক্যের ঘোষণা দেন। এতে দেশবিদেশে স্বস্তি দেখা দেয়। তবে তখন বোকো হারামের পক্ষ থেকে এ নিয়ে কোনো কথা বলা হয়নি।
সরকার বোকো হারামের সঙ্গে যুদ্ধবিরতির মতৈক্যের কথা ঘোষণা করার পরও অবশ্য সংঘাত চলতে থাকে। বোকো হারাম নতুন করে বিভিন্ন স্থানে হামলা ও নারী অপহরণ করে বলে অভিযোগ ওঠে। গত শুক্রবারও সন্দেহভাজন জঙ্গিরা ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটায়।
গত এপ্রিল মাসে বোর্নো রাজ্যের চিবুক শহর থেকে ২১৯ জন স্কুলছাত্রীকে অপহরণ করে বোকো হারাম। তাদের উদ্ধার করতে নাইজেরীয় সরকারের ব্যর্থতায় প্রচণ্ড সমালোচনা শুরু হয়। সংগঠনটি ২০০৯ সাল থেকে সরকারের সঙ্গে সংঘাতে লিপ্ত।