যুদ্ধাপরাধ : কঙ্গোর বিদ্রোহী নেতা বেম্বার জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঙ্গোর সাবেক বিদ্রোহী নেতা জন পিয়েরে বেম্বা। ছবি: এএফপি
কঙ্গোর সাবেক বিদ্রোহী নেতা জন পিয়েরে বেম্বা। ছবি: এএফপি

যুদ্ধাপরাধ ও যৌন সহিংসতার অভিযোগে কঙ্গোর সাবেক বিদ্রোহী নেতা জন পিয়েরে বেম্বার ১৮ বছরের জেল হয়েছে। তাঁর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) জন পিয়েরেকে ওই সাজা দিয়েছেন বলে আজ মঙ্গলবার বিবিসির এক খবরে বলা হয়।
জন বেম্বার আইনজীবীরা বলেছেন, আদালতের এ সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁরা আপিল করবেন।
২০০২ থেকে ২০০৩ সালে মার্চে প্রতিবেশী মধ্য আফ্রিকান রিপাবলিকে (সিএআর) সংঘটিত অপরাধের অভিযোগে পিয়েরে বেম্বা দোষী সাব্যস্ত হন। হত্যা ও ধর্ষণ থেকে বিদ্রোহীদের বিরত রাখার ক্ষেত্রে ব্যর্থ হওয়ায় অভিযোগ আছে বেম্বার বিরুদ্ধে।
২০০৮ সালে বেলজিয়ামের গ্রেপ্তার হওয়ার পর থেকে জন বেম্বা আট বছর ধরে কারাগারে আছেন। সে ক্ষেত্রে জন বেম্বাকে হয়তো আর ১০ বছর সাজা ভোগ করতে হবে।
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর একসময়ের ভাইস প্রেসিডেন্ট জন বেম্বা দেশটিতে গৃহযুদ্ধের সময় ১৯৯৮ সালে এমএলসি বিদ্রোহী গ্রুপের নেতৃত্বে ছিলেন। ২০০৩ সালে ডি আর কঙ্গোতে শান্তি চুক্তি হয়। এরপর জন বেম্বা অস্ত্রসমর্পণ করে অন্তর্বর্তী সরকারে ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন। ২০০৬ সালের নির্বাচনে তিনি হেরে যান। এরপরের বছর ২০০৭ সালে দেশটির রাজধানী কিনসাসা থেকে পালিয়ে বেলজিয়াম যান। পরের বছরই সেখানে গ্রেপ্তার হন। যুদ্ধাপরাধ ও যৌন সহিংসতার অভিযোগে ২০১০ সালে তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার শুরু হয়। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ এ বছর প্রমাণিত হওয়ায় আদালত সাজা ঘোষণা করেন।