লাইবেরিয়ায় অর্থ দপ্তরের চার কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাইবেরিয়ার প্রেসিডেন্ট জর্জ উইয়া
ছবি: রয়টার্স

পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ার অর্থ বিভাগের দায়িত্বে থাকা তিনজন শীর্ষ কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। লাইবেরিয়ার প্রেসিডেন্ট জর্জ উইয়া যুক্তরাষ্ট্রের কাছে তিন কর্মকর্তার মৃত্যুরহস্য উদঘাটনে সাহায্য চেয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা লাইবেরিয়া নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, লাইবেরিয়ার শীর্ষ কর্মকর্তাদের মৃত্যুর সঙ্গে গুপ্তহত্যার সম্পর্ক থাকতে পারে বলে গুঞ্জন রয়েছে।

লাইবেরিয়া নিউজ এজেন্সি বলেছে, প্রেসিডেন্ট উইয়া জনগণকে কোনো কিছু ধারণা না করে তদন্তের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন।

যাঁরা মারা গেছেন তাঁদের মধ্যে রয়েছেন ইন্টারনাল অডিট এজেন্সির প্রধান ইমানুয়েল নায়েসুয়া। অন্য দুজন লাইবেরিয়া রেভিনিউ অথরিটির কর্মী ছিলেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তিনজনের রহস্যময় মৃত্যুর কথা বলা হলেও প্রকৃত সংখ্যা চার। গত এক সপ্তাহের মধ্যে চারজনের লাশ পাওয়া গেছে। শনিবার লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়াতে নিজের বাসভবনে নায়েসুয়ার লাশ পাওয়া যায়। লাইবেরিয়া রেভিনিউ অথরিটির একজন কর্মকর্তা ৪ অক্টোবর গাড়ি দুর্ঘটনায় নিহত হন। দেশটির কর সংগ্রহ সংস্থার দুজন কর্মকর্তার লাশ পরের দিন গাড়িতে পাওয়া যায়।

উইয়া বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, মনরোভিয়াতে মার্কিন দূতাবাসের কাছে সাহায্য চেয়েছে লাইবেরিয়া। মৃতদেহ পরীক্ষা করে মৃত্যুর প্রকৃত কারণ জানতে চিকিৎসকসহ অন্যান্য সাহায্য চাওয়া হয়েছে।

সাবেক ফুটবলার উইয়া ২০১৮ সালে লাইবেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।