লাইবেরিয়ায় ইবোলার প্রকোপ কমছে
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, ইবোলা ভাইরাসের সবচেয়ে বেশি আক্রান্ত দেশ লাইবেরিয়ায় এ রোগের প্রকোপ কমে এসেছে। তবে জাতিসংঘের সংস্থাটি বলছে, সংকট এখনো রয়ে গেছে। খবর বিবিসি ও এএফপির।
ডব্লিউএইচওর সহকারী মহাপরিচালক ব্রুস এইলওয়ার্ড বলেন, ইবোলা সংক্রমণ রোধে সক্রিয় প্রচেষ্টার জন্যই পরিস্থিতির এই উন্নতি।
লাইবেরিয়ার রেডক্রস বলেছে, গত সপ্তাহে তাদের কর্মীরা ইবোলায় মৃত ১১৭ জনের লাশ সংগ্রহ করেছেন। গত সেপ্টেম্বরে সে দেশে সর্বোচ্চ ৩১৫টি লাশ পাওয়া গিয়েছিল।
ডব্লিউএইচওর কর্মকর্তা এইলওয়ার্ড বলেন, মনে হচ্ছে, লাইবেরিয়ায় ইবোলার সংক্রমণ কমছে। এই ভাইরাস ও রোগ সম্পর্কে জনগণকে সচেতন করতে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। তাদের আচরণ পরিবর্তন করতে উৎসাহিত করা হয়েছে। মৃতদের নিরাপদে কবর দেওয়ার জন্যও যথেষ্ট প্রচেষ্টা নেওয়া হয়েছে।
তবে সংক্রমণের হার কমে যাওয়ায় খুব সন্তুষ্ট হওয়ার অবকাশ নেই বলেও সাবধান করে দিয়েছেন এইলওয়ার্ড। তিনি বলেন, কয়েক দিনে সংক্রমণ কিছুটা কমে যাওয়া আর এর প্রকোপ একেবারে নির্মূল করে ফেলা পুরোপুরি আলাদা বিষয়।