লিবিয়ায় নৌকাডুবি ২৫ জনের প্রাণহানি বহু নিখোঁজ
ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে একটি বিশাল আকৃতির নৌযান উল্টে গিয়ে ২৫ জনের প্রাণহানি ঘটেছে। বিপৎসংকুল নৌপথে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে চলতি বছর এ নিয়ে দুই হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হলো। খবর বিবিসি ও রয়টার্সের।
আইরিশ নৌবাহিনী জানায়, ইউরোপে পাড়ি জমাতে প্রায় ৭০০ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে লিবিয়া উপকূল থেকে নৌকাটি যাত্রা শুরু করেছিল। গতকাল বুধবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে লিবিয়া উপকূল থেকে প্রায় ১৫ মাইল দূরে বিশাল আকৃতির নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে ইতালির কোস্টগার্ড। চারটি নৌকা ও তিনটি হেলিকপ্টারের মাধ্যমে এ উদ্ধারকাজ চলছে। বহু যাত্রী নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, উল্টে যাওয়ার সময় মাছ ধরার ওই নৌকাটিতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি আরোহী ছিল। নৌকাটি লিবিয়া উপকূল থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে উল্টে যায়। অভিবাসীদের জন্য আন্তর্জাতিক সংস্থা আইওএমের মুখপাত্র বিবিসিকে বলেন, এখন পর্যন্ত ১০০ অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকেরা যুদ্ধ ও অভাবের হাত থেকে বাঁচতে জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছানোর চেষ্টা করে।