লিবিয়ার আইএস-প্রধান 'নিহত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) লিবীয় শাখার প্রধান নিহত হয়েছেন বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন।
গত শনিবারের এ দাবি সঠিক হলে তা হবে এর মাত্র দুই দিন আগে সিরিয়ায় মার্কিন ড্রোন হামলায় বহুল আলোচিত ‘জিহাদি জনের’ পর যুক্তরাষ্ট্রের হাতে এই জঙ্গিগোষ্ঠীর আরেক শীর্ষ নেতার নিহত হওয়ার ঘটনা। খবর বিবিসি ও এএফপির।
গত শুক্রবার রাতে ফ্রান্সের প্যারিসে ভয়াবহ সিরিজ হামলা চালিয়ে অন্তত ১২৯ জনকে মেরে ফেলার দায় স্বীকার করার পর আইএসের শীর্ষস্থানীয় ওই নেতার নিহত হওয়ার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। তবে পেন্টাগন বলেছে, ফ্রান্সের ঘটনার সঙ্গে এই নেতাকে হত্যার কোনো সম্পর্ক নেই।
পেন্টাগনের মুখপাত্র পিটার কুক এক বিবৃতিতে দাবি করেন, নিহত এই নেতা হলেন ইরাকি নাগরিক আবু নাবিল। ওয়াইসাম নাজিম আবদ জায়েদ আল-জুবাইদি নামেও তিনি পরিচিত। লিবিয়ার দায়িত্বপ্রাপ্ত আইএসের একজন জ্যেষ্ঠ নেতা তিনি। পিটার কুক বলেন, শুক্রবার রাতে লিবিয়ার দারনা শহরের দক্ষিণ-পূর্ব উপকণ্ঠ ফাতায়া এলাকায় নাবিলকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।