লিবিয়ার উপকূল থেকে ৪,৭০০ শরণার্থী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর ইউরোপে প্রবেশের পথ হাঙ্গেরি ও ক্রোয়েশিয়া সীমান্ত বন্ধ করে দেওয়া সত্ত্বেও ইউরোপমুখী শরণার্থীর ঢল থামছে না। জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিচ্ছে তারা। ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে গতকাল শনিবারও প্রায় ৪ হাজার ৭০০ জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। খবর এএফপি ও রয়টার্সের।
ইতালির কোস্টগার্ড এক বিবৃতিতে জানায়, তারা বেশ কিছু নৌযান নিয়ে গতকাল লিবিয়া উপকূলের ৩০ থেকে ৪০ নটিক্যাল মাইলের মধ্যে ২০টি সমন্বিত উদ্ধার অভিযান চালায়। এ সময় কয়েকটি রাবারের নৌযান থেকে ৪ হাজার ৩৪৩ জন শরণার্থীকে উদ্ধার করা হয়। এর মধ্যে ভাসমান একটি নৌযান থেকে এক নারীর লাশও উদ্ধার করা হয়।
পৃথক ঘটনায় গ্রিসের উপকূল রক্ষীবাহিনী গতকাল আরও ৩৩৫ জন শরণার্থীকে উদ্ধার করে ইতালির একটি বন্দরে পাঠিয়েছে। সবগুলো অভিযানই চলছে লিবিয়ার ৩০ থেকে ৪০ নটিক্যাল মাইল সমুদ্রসীমার মধ্যে।

>শর​ণার্থী সংকট: লিবিয়া উপকূলের ৩০ থেকে ৪০ নটিক্যাল মাইলের মধ্যে আটটি অভিযান চালিয়ে ১০টি নৌকা থেকে ২ হাজার ২০০ জনেরও বেশি শরণার্থীকে উদ্ধার করা হয়

এদিকে লেবাননের রাজধানী বৈরুত থেকে এমএসএফের আঞ্চলিক যোগাযোগ কর্মকর্তা ইয়াজান আল-সাদি বলেন, শনিবার স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে সাড়ে ৭০০ জনেরও বেশি শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। সেখানে ঝুঁকিপূর্ণ নৌকা থেকে এমএসএফ পরিচালিত একটি জাহাজে তুলে নেওয়া হয় শরণার্থীদের।
এমএসএফের মুখপাত্র সামি আল সুবাইহি বলেন, উদ্ধার হওয়া সবাই ভালো আছেন। ওই শরণার্থীরা বিভিন্ন দেশের নাগরিক। তাদের এমএসএফের গ্রিস কিংবা ইতালির কেন্দ্রে নেওয়া হবে।
এর আগে গত শুক্রবার লিবিয়া কর্তৃপক্ষ দেশটির উপকূল থেকে ১০২ জন শরণার্থীকে উদ্ধার করে। সঙ্গে উদ্ধার করা হয় সাতজনের মৃতদেহ। এর বাইরে ১২৪ জন শরণার্থীকে গ্রেপ্তার করে লিবিয়ার কোস্টগার্ড।
শরণার্থী শিশুর মৃত্যু: রয়টার্স গ্রিসের কোস্টগার্ডের বরাত দিয়ে জানায়, গতকাল গ্রিসের লেসবস দ্বীপের উপকূলে শরণার্থী এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অন্তত ১৩ জন শরণার্থী।
কোস্টগার্ডের মুখপাত্র নিকোস লাগকাদিয়ানোস জানান, উপকূল থেকে ১১ জনকে উদ্ধার করা হয়েছে। অপর একজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। বেঁচে যাওয়া শরণার্থীরা জানিয়েছেন, তাঁদের সঙ্গে আরও অন্তত ১৩ জন ছিল। যারা নিখোঁজ। মুখপাত্র আরও জানান, পাঁচ বছর বয়সী এক শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
ইউএনএইচসিআরের তথ্যমতে, চলতি বছরের আগস্ট পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢুকেছে ৩ লাখ ৬৭ হাজার ৯০২ জন। সাগর পাড়ি দিতে গিয়ে ডুবে মারা গেছে ২ হাজার ৮৫০ জন।
চলতি বছর সাগর পাড়ি দিয়ে ইউরোপে সবচেয়ে বেশি শরণার্থী ঢুকেছে সিরিয়া থেকে, যা মোট শরণার্থীর ৫১ শতাংশ। এর পরের অবস্থানে থাকা আফগানিস্তান থেকে গেছে ১৪ শতাংশ। এ ছাড়া ইরিত্রিয়া থেকে ৮ শতাংশ, নাইজেরিয়া থেকে ৪ শতাংশ ও ইরাক থেকে ৩ শতাংশ শরণার্থী ঢুকেছে ইউরোপে।