লিবিয়ার উপকূলে ১০০ মৃতদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমধ্যসাগরের লিবিয়ার উপকূল থেকে পাঁচ দিনে প্রায় ১০০ জন শরণার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এগুলো গভীর সাগর থেকে ভেসে উপকূলে এসেছে। আন্তর্জাতিক দাতব্য সংগঠন রেড ক্রিসেন্ট গত সোমবার এ কথা জানিয়েছে। খবর এএফপির।
সিরিয়ার গৃহযুদ্ধ এবং এশিয়া-আফ্রিকায় অস্থিতিশীলতা ও অভাবের কারণে বিভিন্ন দেশ ছেড়ে ইউরোপগামী শরণার্থীদের অধিকাংশই লিবিয়ার উপকূল ব্যবহার করে।
রেড ক্রিসেন্টের মুখপাত্র মোহাম্মদ আল-মিসরাতি জানান, লিবিয়ার রাজধানী ত্রিপোলির কাছে অবস্থিত ভূমধ্যসাগরের উপকূল থেকে গত পাঁচ দিনে শরণার্থীদের মৃতদেহ উদ্ধারের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। মৃতদেহগুলোর মধ্যে ৮৫টিই পাওয়া গেছে ত্রিপোলির আশপাশে। বাকি ১০টি পাওয়া গেছে সাব্রাতাহ এলাকায়, যেটি ত্রিপোলি থেকে ৭০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
এদিকে লিবিয়ার কোস্টগার্ড বলেছে, তারা লিবিয়ার উপকূল থেকে দুটি রাবারের ডিঙি আটক করেছে, যাতে ২১২ জন শরণার্থীকে
ছিল। তাদের উদ্ধার করে আনা হয়েছে।
১৮৩০ শরণার্থী উদ্ধার: ভূমধ্যসাগরে লিবিয়ার উপকূলে ছয়টি নৌকা থেকে ১ হাজার ৮৩০ জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। ইতালির উপকূলরক্ষী বাহিনী কোস্টগার্ড জানায়, গত সোমবার ইউরোপগামী ওই শরণার্থীদের উদ্ধার করা হয়েছে। ইতালির তিনটি নৌযান এবং যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের দুটি জাহাজে করে তাদের উদ্ধার করা হয়।