লিবিয়া উপকূলে ১১৭ মৃতদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার উপকূলবর্তী ভূমধ্যসাগর থেকে ১১৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে গতকাল শুক্রবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। মূলত আফ্রিকার বিভিন্ন দেশ থেকে সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় নৌকা ডুবে তাঁদের মৃত্যু হয়েছে।

লিবিয়ায় রেড ক্রিসেন্টের মুখপাত্র মোহাম্মদ আল-মোসরাতি বলেন, দেশটির পশ্চিমাঞ্চলীয় জাওয়ারা শহরের কাছে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা ১১৭টি মৃতদেহের মধ্যে ৭৫ জন নারী এবং ছয়টি শিশু রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে গ্রিসের উপকূলবর্তী ভূমধ্যসাগরে গতকাল ইউরোপমুখী শরণার্থী ও অভিবাসনপ্রতাশীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় অন্তত নয়জনের মৃত্যু হয়েছে এবং কয়েক শ মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে গ্রিসের উদ্ধারকারীরা।

গ্রিসের উপকূলরক্ষী বাহিনী এক বিবৃতিতে বলেছে, ৩৪০ জনকে তারা জীবিত উদ্ধার করেছে। উদ্ধার হওয়া লোকজন কোন দেশের নাগরিক এবং আরও কতজন নিখোঁজ রয়েছে, সে ব্যাপারে বিস্তারিত কিছু তারা জানায়নি। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বলেছে, ডুবে যাওয়া নৌকায় পাঁচ শ থেকে সাত শ আরোহী ছিলেন।