লিবিয়ার মরুভূমিতে ২০ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরুভূমিতে দুই সপ্তাহ আগে এসব অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। ২৮ জুন, লিবিয়া
ছবি: রয়টার্স

লিবিয়ার মরুভূমি থেকে ২০ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই সপ্তাহ আগে এসব অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হন। স্থানীয় সময় গত মঙ্গলবার চাদ সীমান্তের কাছে মরুভূমি থেকে এসব মরদেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে লিবিয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস। ছবিতে কিছু গাড়ির পাশেও মরদেহ পড়ে থাকতে দেখা যাচ্ছে।    

মরুভূমিতে পড়ে থাকা এসব মরদেহ প্রথম দেখেন একজন ট্রাকচালক। ওই মরুপথ ধরে যাচ্ছিলেন তিনি। এরপর গত মঙ্গলবার মরদেহগুলো উদ্ধার করা হয়। যে এলাকা থেকে মরদেহ উদ্ধার হয়েছে, ওই এলাকার অবস্থান লিবিয়ার দক্ষিণ-পশ্চিমের কুফরা অঞ্চল থেকে ৩২০ কিলোমিটার এবং চাদ সীমান্ত থেকে ১২০ কিলোমিটার দূরে।

লিবিয়ার অ্যাম্বুলেন্স সার্ভিসের কুফরা আঞ্চলিক প্রধান ইব্রাহিম বেলহাসান মুঠোফোনে রয়টার্সকে বলেছেন, ‘এসব অভিবাসী যে গাড়িতে যাচ্ছিলেন, সেই গাড়ির চালক পথ হারিয়েছিলেন। ১৪ দিন আগে মরুভূমিতে তাঁদের মৃত্যু হয় বলে আমরা ধারণা করছি। সর্বশেষ ১৩ জুন সেখানে একটি মুঠোফোনে কেউ কল করেছিল।’

ইব্রাহিম বেলহাসান বলেন, যেসব মরদেহ উদ্ধার হয়েছে, এর মধ্যে দুজন লিবিয়ার নাগরিক। অন্যরা অভিবাসনপ্রত্যাশী। তাঁরা চাদ থেকে অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ করেন।

অবৈধভাবে ইউরোপে যাওয়ার ক্ষেত্রে বড় একটি রুট হয়ে উঠেছে উত্তর আফ্রিকার দেশ লিবিয়া। বিপজ্জনক এ পথে মরুভূমি ও ভূমধ্যসাগর পাড়ি দিতে হয়। এ পথে প্রতিবছর বহু অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারান। অনেক সময় স্থানীয় মাফিয়া ও অপরাধীচক্রের হাতেও প্রাণ হারাতে হয় অভিবাসনপ্রত্যাশীদের।