জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়তে লিবিয়ার জাতিসংঘ-সমর্থিত সরকারকে অস্ত্র দিয়ে সহায়তা করার পক্ষে মত দিয়েছে যুক্তরাষ্ট্র ও অন্যান্য কয়েকটি প্রধান বিশ্বশক্তি।
অস্ট্রিয়ার ভিয়েনায় এক বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল সোমবার বলেন, জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা শিথিল করার আবেদনে যুক্তরাষ্ট্র ও বিশ্বশক্তিরা লিবিয়ার সরকারকে সমর্থন জানাবে। কেরি বলেন, আইএস লিবিয়ার জন্য এক নতুন হুমকি এবং একে ঠেকানোটা জরুরি।
গত মাসে লিবিয়ার সরকার সতর্ক করে দিয়ে বলেছিল, আইএসকে শিগগিরই থামানো না হলে তারা দেশটির বেশির ভাগ অংশ দখল করে নিতে পারে।
জন কেরি আরও বলেন, জিএনএ-ই (জাতীয় ঐকমত্যের সরকার) একমাত্র কর্তৃপক্ষ যারা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে পারে। এটাই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে প্রতিনিধিত্বশীল ও স্বীকৃত প্রতিষ্ঠানের অধীনে ন্যস্ত করার একমাত্র উপায়। এটাই দায়েশকে (আইএসের আরবি নামের সংক্ষেপ) পরাস্ত করার জন্য প্রয়োজনীয় সংহতি নিশ্চিত করার উপায়।
দীর্ঘদিনের একনায়ক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়ায় চরম অরাজকতা বিরাজ করছে। সেখানে দুটি পাল্টাপাল্টি সরকার নিয়ন্ত্রণের জন্য লড়ছে। জাতিসংঘের সমর্থনে বহু চেষ্টার পর একটি ঐকমত্যের সরকার গঠিত হলেও তার অবস্থা এখনো তেমন শক্ত নয়।