শজারু খেয়ে অজগরের অক্কা
এগুলো কোনো ব্যাপারই নয়। কাঁটাওয়ালা শজারু অনায়াসে গিলে ফেলে অজগর। কিন্তু ব্যতিক্রমও যে ঘটে, তা দেখা গেল দক্ষিণ আফ্রিকায়। সেখানে মস্ত এক রক অজগর আস্ত এক শজারু গিলে প্রাণ হারিয়েছে।
দক্ষিণ আফ্রিকার একটি প্রাইভেট গেম পার্কে বিরল এ ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার পার্কটির ব্যবস্থাপক এ তথ্য জানিয়েছেন।
পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, অজগরটি দৈর্ঘ্যে ৩ দশমিক ৯ মিটার। শজারুটি ওজনে ১৩ দশমিক ৮ কিলোগ্রাম। স্বাভাবিকভাবেই শজারুটিকে গিলেছিল অজগরটি। কিন্তু হজম করতে পারেনি।
লেক এল্যান্ড গেম রিজার্ভের ব্যবস্থাপক জেনিফার ফুলার বার্তা সংস্থা এএফপিকে বলেন, কাঁটা যেমনই থাকুক না কেন, শজারুটিকে হজম করতে পারার কথা ছিল অজগরটির। শজারু খাওয়া অজগরের জন্য অস্বাভাবিক কিছু নয়। এটা তাদের খাদ্যাভ্যাসেরই অংশ।
কিন্তু কেন এমন হলো! জেনিফার ফুলারের ধারণা, শজারু গেলার দৃশ্যটি অনেক মানুষ দেখেছে। এতে অজগরের ওপর একটা চাপ তৈরি হয়েছে। এ অবস্থায় শজারুটি উগড়ে দিতে গিয়ে অজগরটি মারা গেছে।
জেনিফার বলেন, ‘এটা অস্বাভাবিক ঘটনা।’
আফ্রিকার সবচেয়ে বড় সাপ রক অজগর। শজারু তো শজারু, তারা হরিণজাতীয় প্রাণীও অনায়াসে গিলে ফেলে।