এবার নিখোঁজ আলজেরিয়ার বিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার বিমান নিখোঁজ হওয়ার পর এবার আকাশে আলজেরিয়ার একটি বিমান হারিয়ে যাওয়ার খবর পাওয়া গেল।
বিবিসির খবরে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাডউগু বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রায় ৫০ মিনিট পর নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে আলজেরিয়ার ওই বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

শতাধিক আরোহী নিয়ে বুরকিনা ফাসো থেকে আলজেরিয়ায় যাওয়ার পথে আফ্রিকার সাহারা অঞ্চলে পৌঁছানোর পর ওই বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
নিখোঁজ বিমানটিতে ১১০ জন যাত্রী ও ছয় জন ক্রু ছিলেন।

আলজেরিয়ার জাতীয় সংবাদ এজেন্সি এপিএস বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা স্বীকার করেছে।

আলজেরিয়ার প্রধানমন্ত্রী আবদেল মালেক সালেল বলেছেন, আলজেরিয়ার সীমান্ত থেকে ৫০০ কিলোমিটার দূরে বিমানটি নিখোঁজ হয়েছে।

উল্লেখ্য, এ বছরের ৮ মার্চ মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি বিমান ২৩৯ জন যাত্রী নিখোঁজ হয়। ব্যাপক চেষ্টার পরও বিমানটির কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি।