শনাক্তের জন্য শিক্ষার্থীদের লাশ নাইরোবিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেনিয়ায় বিশ্ববিদ্যালয়ে আল-শাবাবের হামলায় নিহত অনেকের মরদেহ শনাক্তের জন্য দেশটির রাজধানী নাইরোবিতে পাঠানো হয়েছে। তাঁদের লাশ গ্রহণের জন্য স্বজনেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 

যাঁদের আগেই শনাক্ত হয়েছে তাঁদের লাশ দাফনের প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনার পর থেকে কেনিয়ার উত্তর-পূর্ব এলাকায় সান্ধ্য আইন জারি করেছে সরকার।
এদিকে হামলার পর বিশ্ববিদ্যালয়টির নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা।
কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলে গতকাল বৃহস্পতিবার বন্দুকধারীরা গ্যারিসা ইউনিভার্সিটি কলেজ ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের জিম্মি করে কমপক্ষে ১৪৭ জনকে হত্যা করে। সোমালিয়ার সীমান্তবর্তী গ্যারিসা শহরে এ হামলায় আহত হয়েছেন ৭৯ জন। আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত আল-শাবাব ঘটনার দায় স্বীকার করেছে। খবর বিবিসির।

‘বাবা আমাকে ফোন করো’
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল হওয়ার সঙ্গে সঙ্গে মুখোশ পরা বন্দুকধারীরা গ্যারিসা ইউনিভার্সিটি কলেজে হামলা চালায়। নিরাপত্তারক্ষীদের হত্যা করে তারা গুলি চালাতে চালাতে ভেতরে ঢোকে। মুসলমান শিক্ষার্থীদের বের করে দিয়ে অমুসলমান শিক্ষার্থীদের তারা প্রথমে জিম্মি করে। পরে নির্বিচারে গুলি করে তাঁদের হত্যা করতে থাকে। এ সময় তারা চিৎকার করে বলতে থাকে, ‘আমরা আল-শাবাব।’ ওই দিন রাত পর্যন্ত তারা হত্যাযজ্ঞ চালায়।
হামলায় বেঁচে যাওয়া ৫০০ শিক্ষার্থীর মধ্যে দ্বিতীয় বর্ষের এক ছাত্রী ১০ ঘণ্টা ওয়ারড্রোবে লুকিয়েছিলেন। ওই শিক্ষার্থীর বাবা পাগলের মতো বিভিন্ন হাসপাতালের মর্গে মেয়েকে খুঁজছিলেন। যখন তিনি মেয়েকে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন, ঠিক তখনই শুক্রবার বিকেলের দিকে তিনি একটি খুদে বার্তা পান ‘বাবা আমাকে ফোন করো’।
পাঁচ ঘণ্টা বাক্সের মধ্যে লুকিয়ে থেকে বেঁচে যাওয়া আরেক শিক্ষার্থী বিবিসিকে বলেন, গত বছরের দিকে নিরাপত্তা নিয়ে কথা ওঠার পর মাত্র দুজন অস্ত্রসহ নিরাপত্তাকর্মী নিয়োগ করা হয়।

‘আমরা হত্যা করতে এসেছি’
এরিক উইকেসা নামের এক শিক্ষার্থী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তিনি নিজের ঘরে তালা দিয়ে লুকিয়েছিলেন। তিনি বলেন, হামলাকারীদের যে কথাগুলো তাঁর কানে এসেছে, তা হলো, ‘আমরা হত্যা করতে এসেছি এবং শেষ পর্যন্ত হত্যা করব।’
১৯৯৮ সালে দেশটির রাজধানী নাইরোবিতে মার্কিন দূতাবাসে বোমা হামলার পর এটাই কেনিয়ায় সবচেয়ে বড় হত্যাযজ্ঞ। আল-কায়েদার ওই হামলায় ২১৩ জন নিহত হয়েছিল।
গ্যারিসা শহরটি সোমালিয়া থেকে ১৫০ কিলোমিটার পূর্বে। এর আগেও শহরটি আল-শাবাব জঙ্গিদের আক্রমণের শিকার হয়েছে। আল-শাবাবের জঙ্গিরা ২০০৩ সালের সেপ্টেম্বরে নাইরোবিতে একটি বিপণিবিতানে হত্যাযজ্ঞ চালিয়েছিল। চার বন্দুকধারী চার দিন জিম্মি করে রাখে ওই বিপণিবিতান। আর হত্যা করে অন্তত ৬৭ জনকে।