শান্তি চুক্তিতে সম্মত লিবিয়ার একটি পক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার বিবদমান উপদলগুলো একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে। জাতিসংঘের তত্ত্বাবধানে মরক্কোতে গত শনিবার এই চুক্তির কাঠামো তুলে ধরা হয়। তবে এ আলোচনায় আন্তর্জাতিক স্বীকৃতিহীন ত্রিপোলিভিত্তিক জেনারেল ন্যাশনাল কংগ্রেস (জিএনসি) সরকার যোগ দেয়নি। খবর এএফপি ও আল-জাজিরার।
মরক্কোর একটি অবকাশযাপন কেন্দ্রে এই চুক্তির খসড়া প্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠানে জাতিসংঘের দূত বার্নারদিনো লিওন বলেন, ‘এটি একটি পদক্ষেপ মাত্র। তবে শান্তির পথে এর গুরুত্ব যথেষ্ট।’
আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিবিয়ার পূর্বাঞ্চলের তবরুক নগরভিত্তিক সরকার এই চুক্তি সম্পাদনে অংশ নেয়। এ ছাড়া দেশটির কয়েকটি রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন আলোচনায়।
২০১১ সালে লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে লিবিয়া অশান্ত হয়ে ওঠে। নিয়ন্ত্রণের জন্য মিলিশিয়া বাহিনীগুলোর মধ্যে সংঘাত শুরু হয়। এর ধারাবাহিকতায় এখন দুটি সমান্তরাল সরকার দুটি পার্লামেন্ট পরিচালনা করছে।
যেসব পক্ষ এই চুক্তিতে আসেনি তাদের বিষয়ে জাতিসংঘের দূত লিওন বলেন, ‘সবার জন্য দুয়ার খোলা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি যৌথ সিদ্ধান্ত নেওয়া হবে। সব পক্ষ এতে অংশ নেবে, এ বিষয়ে আমি আশাবাদী।’
আসন্ন ঈদের পর শান্তি চুক্তির বিষয়ে আলোচনা আবার শুরু হবে। সে সময় এবার অংশ না নেওয়া জিএনসির প্রতিনিধিরা আলোচনায় যোগ দেবেন বলে মনে করা হচ্ছে।