শান্তির দূত কেন যুদ্ধে জড়ালেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর প্রধানমন্ত্রী আবি আহমেদ। গত বছর নরওয়ের অসলোতে।
ফাইল ছবি: রয়টার্স

‘যুদ্ধ মানুষকে আগ্রাসী বানায়। মানুষ নিষ্ঠুর, বর্বর হয়।’ গত বছর নোবেল শান্তি পুরস্কার গ্রহণের পর যুদ্ধের বিরোধিতা করে এমন মন্তব্যই করেছিলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। সেই বক্তব্যের এক বছর না যেতেই আবি আহমেদ নিজ দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন।

বিবিসির বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়, তিন সপ্তাহের বেশি সময় ধরে আবির বাহিনী দেশটির উত্তরাঞ্চল তাইগ্রের ক্ষমতাসীন দল তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এতে হাজার হাজার মানুষ হতাহত হওয়ার খবর দিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। যুদ্ধ থেকে বাঁচতে হাজারো মানুষ নিজেদের বাড়িঘর থেকে পালিয়ে সুদানের সীমান্তে আশ্রয় নিয়েছে শরণার্থী হিসেবে। টিপিএলএফের বিরুদ্ধে আবি সরকারের অভিযোগ, তারা কেন্দ্রীয় সেনাবাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে।

২০১৮ সালে আবি আহমেদ ইথিওপিয়ার ক্ষমতায় আসার পর প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে দুই দশক ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটে তাঁরই হাত ধরে। ফলে ক্ষমতায় আসার মাত্র এক বছরের মাথায় শান্তিতে নোবেল পুরস্কার পান আবি।
টিপিএলএফের উত্থান ১৯৯১ সালে গেরিলা আন্দোলনের মাধ্যমে। পরে তারা দেশ চালানোর ক্ষমতা পায়। কিন্তু ২০১৮ সালে আবির কাছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা হারায় দলটি। এখন অবশিষ্ট একমাত্র ঘাঁটি তাইগ্রেও হারাতে বসেছে তারা। ব্যাপক জনসমর্থন নিয়ে প্রধানমন্ত্রী হওয়া আবি ২৫ বছরের বেশি সময়ের টিপিএলএফের শাসনামলে সৃষ্ট অর্থনৈতিক মন্দা ও দুর্নীতি দমন করতে ব্যাপক সংস্কারকাজ শুরু করেন। আফ্রিকার দেশটির রাজনৈতিক অবস্থার আমূল পরিবর্তন হতে শুরু করে তাঁর হাত ধরে।

২০১৮ সালে আবি আহমেদ ইথিওপিয়ার ক্ষমতায় আসার পর প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে দুই দশক ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটে তাঁরই হাত ধরে। ফলে ক্ষমতায় আসার মাত্র এক বছরের মাথায় শান্তিতে নোবেল পুরস্কার পান আবি।
টিপিএলএফের উত্থান ১৯৯১ সালে গেরিলা আন্দোলনের মাধ্যমে। পরে তারা দেশ চালানোর ক্ষমতা পায়।
সুদানের একটি আশ্রয় শিবিরে ইথিওপিয়ার শরণার্থীরা
ছবি: এএফপি

নোবেল মনোনয়নকারীর চোখে এখনকার আবি

তাইগ্রেতে সামরিক অভিযান শুরুর পর গত ৪ নভেম্বর প্রধানমন্ত্রী আবি আহমেদ টিপিএলএফ বাহিনীকে (জান্তা) গুঁড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তাঁর ওই আহ্বান ইথিওপিয়ার সব নাগরিকের দেশপ্রেমের কর্তব্য বলে প্রচার করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা তাঁদের ‘আইনশৃঙ্খলা রক্ষার অভিযানের’ সমালোচনাকে কোনো রকম সহ্য করছেন না। এমনকি নোবেল শান্তি পুরস্কারের জন্য আবিকে মনোনীত করা যুক্তরাজ্যের শিক্ষাবিদকেও সমালোচনা করা হচ্ছে। আর এ সমালোচনার কারণ, আবির যুদ্ধংদেহী আচরণের বিরোধিতা করার জন্য।

ওই শিক্ষকের নাম আওল আলো। তিনি ইংল্যান্ডের কেলে ইউনিভার্সিটির আইনের অধ্যাপক। ইথিওপিয়ান বংশোদ্ভূত আওল বলেন, ইথিওপিয়ার সরকারি সম্প্রচারমাধ্যমের খবর থেকে জানতে পেরেছেন, বিদেশি সংবাদমাধ্যম ব্যবহার করে দেশের সুনাম নষ্ট করার অভিযোগে পুলিশ তাঁকে অভিযুক্ত করেছে। বিবিসিকে তিনি বলেন, ‘এ মুহূর্তে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে আমি অবগত নই। তবে এখন ইথিওপিয়ায় ফিরে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। ভিন্নমত ও বিরোধীদের বিষয়ে আবি সরকার ও আগের সরকারের মধ্যে কোনো পাথর্ক্য নেই। এটা উদ্বেগের।’

যুদ্ধ নিয়ে যা পাল্টাপাল্টি অভিযোগ

জেনেভাভিত্তিক বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস এর আগে টিপিএলএফ সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। টিপিএলএফের জন্য অস্ত্র সংগ্রহের চেষ্টার জন্য তাঁকে অভিযুক্ত করেন ইথিওপিয়ার সেনাবাহিনীর প্রধান। তবে ওই অভিযোগ অস্বীকার করে তেদরোস বলেন, ‘দেশের জন্য আমার হৃদয় ভেঙে খান খান। সব দলকে শান্তি প্রতিষ্ঠা এবং সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তাঁদের কাছে স্বাস্থ্য ও মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

খোলা আকাশের নিচে শরণার্থীরা
ছবি: এএফপি

ইথিওপিয়া সরকারের সামরিক অভিযানকে সমর্থন করছেন অনেকে। তাঁদের একজন দেশটির ইউনিভার্সিটি অব গনদারের অধ্যাপক মেনচেলে মেসেরেত। তিনি বলেন, তাইগ্রের সাধারণ মানুষকে লক্ষ্য করে অভিযান চালানো হচ্ছে না। শুধু অভিযান চালানো হচ্ছে টিপিএলএফের গুটি কয়েক অভিজাত ব্যক্তির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যোগাযোগ রয়েছে এমন লোকদের বিরুদ্ধে।

যুদ্ধের কারণ হিসেবে আওল বলেন, আবি ২০১৯ সালে তাঁর মন্ত্রিসভা থেকে টিপিএলএফকে অপসারণ করেন। তখন তিনি সব নির্বাচন স্থগিত করেন। টিপিএলএফ তখন তাইগ্রের একটি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল। তখন তারা বলল, তাঁকে (প্রধানমন্ত্রী হিসেবে) স্বীকৃতি দেবে না। তিনিও (আবি) ঘোষণা দিলেন, তাদেরও তিনি স্বীকৃতি দেবেন না। এ পরিস্থিতিই যুদ্ধের দিকে নিয়ে যায়।’

নতুন সম্রাট আবি?

ইথিওপিয়ার দুর্দশা বেড়ে যাওয়া আর দুর্নীতিতে নিমজ্জিত হওয়ার জন্য প্রধান কারণ হিসেবে দেশটির ‘এথনিক ফেডারেলিজম’কে (রাষ্ট্রক্ষমতায় ক্ষুদ্র জাতিসত্তা) দায়ী করা হয়। ১৯৯১ সালে টিপিএলএফ ক্ষমতায় আসার পর থেকে সেই দুর্দশার শুরু বলে মনে করেন অধ্যাপক মেনচেলে। তিনি বলেছেন, ‘আমাদের দুর্দশার উৎস হচ্ছে এথনিক ফেডারেলিজম। এটার কারিগর ক্ষুদ্র জাতিসত্তার গ্রুপগুলো মনে করে, তাদের নিজের ভৌগোলিক অবস্থান রয়েছে। তাই অন্য কেউ যদি সেখানে গিয়ে বসবাস করতে চায়, তাহলে তা তারা পারবে না। এ রকম ব্যক্তিদের বিতাড়িত করা হয়, হত্যা করা হয়, পুড়িয়ে মারা হয়।’

তবে আবির সমালোচকেরা মনে করেন, এথনিক ফেডারেলিজম গুঁড়িয়ে দেওয়ার মাধ্যমে বহু বছর আগের সম্রাটব্যবস্থা ফিরিয়ে আনতে চাইছেন আবি।

যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর হর্ন অব আফ্রিকা স্টাডিজ ও অ্যাফেয়ার্সের গবেষক ফয়সাল রোবেল বলেন, আবির লক্ষ্যের সঙ্গে ইথিওপিয়ার ঐতিহ্যগত ক্ষমতাকাঠামোর (সম্রাটব্যবস্থা) অনেক বেশি মিল রয়েছে।