শিশুর নাম 'এয়ারফোর্স ওয়ান ওবামা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেনিয়ায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সফরকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। ছবি: এএফপি
কেনিয়ায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সফরকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। ছবি: এএফপি

কেনিয়ায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সফরকে কেন্দ্র করে দেশটিতে হইচই কম হয়নি। উন্মাদনা এমন পর্যায়ে গেছে যে, মার্কিন প্রেসিডেন্টের সফরের প্রতি সম্মান জানিয়ে সেদেশে নতুন জন্ম নেওয়া শিশুদের নাম পর্যন্ত রাখা হচ্ছে। মায়েদের প্রত্যাশা, তাঁদের সন্তানেরা হয়তো একদিন বড় কিছু হবে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, কেনিয়ায় ওবামার পিতৃপুরুষের গ্রামে অনেক তরুণ ‘ওবামা’ রয়েছে।
গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় কেনিয়ায় মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমান ‘এয়ারফোর্স ওয়ান’ অবতরণ করে। এর পরপরই দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর কিসুমুতে দুই মা ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন। তাঁরা তাঁদের নবজাতক ছেলে সন্তানের নাম ওবামাকে বহনকারী বিমানের নামে রাখেন।
লুসি আকিনি ওকথ নামের এক মা বলেন, ‘আমি আমার সন্তানকে “এয়ারফোর্সওয়ান বারাক ওবামা” নামে ডাকার সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমরা যাতে সবাই কেনিয়ায় ওবামার সফরকে মনে রাখতে পারি। এটা একটা বড় আশীর্বাদ।’
অপর মা লুসি অটিয়েনোর ভাষ্য, তিনি তাঁর ছেলেকে শুধু ‘এয়ারফোর্স ওয়ান’ নামেই ডাকবেন। এই মা বলেন, ‘আমি বলেছি, এটা সেরা বিমান। কারণ তা আমেরিকার খুব ক্ষমতাশালী নেতাকে বহন করে। তিনি কেনিয়ানও।’
কেনিয়ায় নতুন জন্ম নেওয়া তিনটি মেয়ে শিশুর নামও ওবামার পরিবারের সদস্যদের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে।
এমনই একটি মেয়েশিশুর নাম মিশেল। অন্যটির নাম মালিয়া। তৃতীয় মেয়েশিশুটির নাম রাখা হয়েছে মালিয়া সাশা।
মিশেল ওবামা মার্কিন ফার্স্টলেডি। ওবামা-মিশেল দম্পতির দুই মেয়ে মালিয়া ও সাশা।
ওবামাকে বহনকারী বিমানের নামে শিশুদের নাম রাখার দৃষ্টান্ত পাওয়া গেলেও তাঁকে বহনকারী লিমোজিন গাড়ি ‘দ্য বিস্ট’-এর নামে কোনো শিশুর নাম রাখার বিষয়ে এখনো কোনো খবর পাওয়া যায়নি।