শিশুর শরীর থেকে ছড়িয়েছে ইবোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম আফ্রিকায় এবারের ইবোলা ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে দুই বছরের একটি ছেলেশিশুর শরীর থেকে। গবেষকেরা এমনই ধারণা করছেন। গিনির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গুকেদু এলাকার একটি গ্রামের ওই শিশুটি অসুস্থ হয়ে পড়ার কয়েক দিনের মধ্যে গত ৬ ডিসেম্বর মারা যায়। খবর নিউইয়র্ক টাইমসের।
গিনি, সিয়েরা লিওন ও লাইবেরিয়া—এই তিনটি দেশের মিলনস্থলে অবস্থিত গুকেদু থেকে ইবোলা সহজে ছড়িয়ে পড়ে। দুই বছরের শিশুটির মৃত্যুর এক সপ্তাহের মধ্যে ইবোলায় মারা যান তার মা। তারপর পর্যায়ক্রমে তার তিন বছর বয়সী বোন ও দাদি মারা যান। এঁদের সবার জ্বর, বমি ও ডায়রিয়া হয়েছিল। শিশুটির দাদির শেষকৃত্যে যাওয়া দুই ব্যক্তি গ্রামে ফিরে যাওয়ার পর এই মারাত্মক ভাইরাসে আক্রান্ত হন। কিন্তু তখন কেউই বুঝতে পারেননি, তাঁদের কী হয়েছিল। এ অবস্থায় চলতি বছরের মার্চে ইবোলা ভাইরাস শনাক্ত করেন চিকিৎসকেরা। এরই মধ্যে গিনির আটটি এলাকার বহু লোক ইবোলা রোগে আক্রান্ত হয়ে মারা যান।
ইবোলা ভাইরাস ১৯৭৬ সালে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে প্রথম ধরা পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসটির বর্তমান বিস্তার অস্বাভাবিক। এবার এটি গিনি থেকে ছড়াতে শুরু করেছে। অথচ সেখানে তা আগে কখনোই দেখা যায়নি। আর এবার সংক্রমণ হচ্ছে মূলত শহর এলাকায়।