সংকট সমাধানে বুরকিনা ফাসোতে এইউ নেতারা
বুরকিনা ফাসোর রাজনৈতিক সংকট সমাধানে গতকাল বুধবার সে দেশে যাওয়ার কথা ছিল আফ্রিকান ইউনিয়নের (এইউ) নেতাদের। বেসামরিক শাসকের কাছে অবিলম্বে ক্ষমতা হস্তান্তরে দেশটির সেনাবাহিনীকে চাপ দিতেই এইউ নেতাদের এই সফর। খবর বিবিসির।
এইউর সদস্য দেশ বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ব্লেইস কমপাওরে গণবিক্ষোভের মুখে গত শুক্রবার পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন। নিজের ২৭ বছরের শাসনের মেয়াদ আরও বাড়ানোর চেষ্টা করলে ওই বিক্ষোভ শুরু হয়। কমপাওরে ক্ষমতা ছাড়ার পর সেনাবাহিনী দেশটির ক্ষমতা দখল করে।
এইউর সদস্য দেশ ঘানার প্রেসিডেন্ট জন মাহামা, নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথন ও সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সালকে গত রাতে বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগুতে পৌঁছার কথা। তাঁরা দেশটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
আফ্রিকার ৫৪টি দেশের সংগঠন এইউ আগেই বলে দিয়েছে, বুরকিনা ফাসোর সেনাবাহিনী অসাংবিধানিক পথে ক্ষমতা দখল করেছে। সংগঠনটি গত সোমবার সেনাবাহিনীকে বেসামরিক শাসকের কাছে ক্ষমতা হস্তান্তরে দুই সপ্তাহ সময় বেঁধে দেয়। অন্যথায় অবরোধ আরোপের হুমকি দিয়েছে তারা। এর আওতায় বুরকিনা ফাসোর এইউর সদস্যপদ স্থগিত ও সামরিক কর্মকর্তাদের ওপর ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।