
আফ্রিকার জন্য বিদায়ী ২০১৫ সাল ছিল যুদ্ধ, সন্ত্রাসবাদ ও দুর্ভিক্ষের মতো বিপর্যয় নিয়ে হতাশায় ঘেরা একটি বছর। মহাদেশটির বিভিন্ন প্রান্তে চলা এসব সংকট নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছিল অনেকই। কিন্তু তাতে সুফল আসেনি। প্রভাবশালী ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান-এ আফ্রিকার বিদায়ী বছরটি নিয়ে বিশ্লেষণধর্মী এক প্রতিবেদনে নানা হতাশার চিত্রই তুলে ধরা হয়েছে। প্রথম আলোর পাঠকদের জন্য তা তুলে ধরা হলো।
সংঘাত-কবলিত নতুন দেশ দক্ষিণ সুদানকে নিয়ে অনেকের মধ্যেই আশার সঞ্চার হয়েছিল বিদায়ী বছরে। বিশেষত গত আগস্টে দেশটিতে যখন ‘ঐতিহাসিক’ শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু বাস্তবে কোনোই পরিবর্তন আসেনি। সরকার ও বিদ্রোহীদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত লেগেই আছে। দুই পক্ষের লড়াইয়ে বছরজুড়ে মানবিক সংকট তীব্রতর হয়। সংঘাতে নিহত হয় কয়েক হাজার মানুষ। বাস্তুচ্যুত হয় ২২ লাখ। প্রায় ৪৬ লাখ মানুষ পড়ে খাদ্যসংকটে।
এই বছরে এক ভুল দৃষ্টান্ত স্থাপন করে বুরুন্ডি। দুই দফায় ক্ষমতায় থাকার সাংবিধানিক মেয়াদ ফুরায় দেশটির প্রেসিডেন্ট পিয়েরে এনকুরুনজিজার। কিন্তু ক্ষমতায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এতে বিরোধী দলগুলো ও নাগরিক সমাজ বিক্ষোভ শুরু করে। স্বাভাবিকভাবে আবার পুরোনো সংঘাতের পথে ফিরে যায় দেশটি। অথচ ২০১৪ সাল পর্যন্ত দেশটির কাহিনি ছিল সাফল্যের। ২০০৫ সালে আফ্রিকান ইউনিয়নের মধ্যস্থতাকারীদের অক্লান্ত প্রচেষ্টায় গৃহযুদ্ধ শেষ হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে বুরুন্ডি। এরপরের একটি দশকে দেশটি তার হারানো গন্তব্য খুঁজে পাচ্ছিল। গত জুলাইয়ে পুনরায় নির্বাচনের পর কিছু সশস্ত্র গোষ্ঠী এনকুরুনজিজার ক্ষমতা চ্যালেঞ্জ করে। সরকারও বিরোধীদের ওপর শুরু করে দমন-পীড়ন। এতে নিহত হয় কয়েক শ লোক। আটক হয় শত শত। এ বছর বুরুন্ডির এনকুরুনজিজার দেখানো পথই যেন গ্রহণ করেন আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্র ও রুয়ান্ডার ক্ষমতাসীন নেতারাও।
বিদায়ী বছরে আফ্রিকার আরেক আলোচিত ইস্যু ছিল বিরল প্রজাতির একটি সিংহকে মার্কিন শখের শিকারির হত্যা করার ঘটনা। সিসিল নামের ওই সিংহটি ছিল জিম্বাবুয়ের সবচেয়ে পরিচিত সিংহ। এক মার্কিন দাঁতের চিকিৎসক শিকারে গিয়ে তির ছুড়ে ও গুলি করে সিসিলকে হত্যা করেন। সিংহটিকে হত্যার ওই ঘটনা বছরজুড়েই ছিল আফ্রিকার সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি।
আফ্রিকার মালি, দক্ষিণ সুদান, বুরুন্ডির মতো দেশে চলতে থাকা রক্তক্ষয়ী সংঘাত ও দুর্ভিক্ষ নিয়ে সাংবাদিকেরা বিস্তর লেখালেখির পরও ওই ঘটনা এ যেন আলোচনায় সবকিছুকেই ছাপিয়ে যায়। তাই অনেকেই বলেছেন, সিসিলকে মেরে ফেলা ছিল নিঃসন্দেহে মর্মান্তিক ঘটনা। তাই বলে সংঘাত ও অনাহারে আফ্রিকার লাখো মানুষের মৃত্যুকে ছাপিয়ে একটিমাত্র সিংহের ঘটনাটি আগ্রহের কেন্দ্রবিন্দু হওয়ায় প্রমাণিত হয়, মহাদেশটি এখনো তার সঠিক গন্তব্য থেকে বহুদূরেই রয়ে আছে।
আফ্রিকার আরও যেসব গুরুত্বপূর্ণ ঘটনা অনেকের দৃষ্টি এড়িয়ে যায় সেসবের মধ্যে ছিল অ্যাঙ্গোলায় গত এপ্রিলে একটি হত্যাকাণ্ড। প্রকাশিত খবর অনুযায়ী, ওই সময় মাউন্ট সুমি এলাকার এক গির্জায় উপাসনায় ব্যস্ত ছিলেন কয়েক শ ধর্মপ্রাণ লোক। সেনারা তাঁদের নির্বিচারে হত্যা করে। জুনে সরকারি বাহিনী নিশানা করে একটি পাঠচক্রে অংশগ্রহণরত ১৭ জন রাজনৈতিক কর্মীকেও।
সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের মিশনের জন্যও বিদায়ী বছরটি ছিল খুবই খারাপ একটি বছর। অন্তত দুটি ঘটনায় দেশটির আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর যোদ্ধারা শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে আক্রমণ চালায়। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হওয়া ছাড়াও আক্রমণে মিশনের বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান বলে ধারণা করা হয়। এ রকম ‘পরাজয় বরণের’ পাশাপাশি উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশটিতে বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু বানানোর অভিযোগও ওঠে এ মিশনের বিরুদ্ধে। এতে অপ্রত্যাশিতভাবে তাদের ওপর আস্থা ক্ষুণ্ন হয়।