সন্ত্রাসীদের হুমকিতে নত হবে না কেনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোসেফ কায়সারি গতকাল শুক্রবার বলেছেন, সন্ত্রাসীদের হুমকিতে তাঁর দেশ মাথা নত করবে না। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের গারিসা বিশ্ববিদ্যালয়ে আল-শাবাবের হত্যাযজ্ঞের পরদিন তিনি এ কথা বললেন। মুখোশধারী সশস্ত্র জঙ্গিরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জিম্মি করার পর কমপক্ষে ১৪৭ জনকে হত্যা করে। খবর এএফপির।
গতকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে জোসেফ কায়সারি সাংবাদিকদের বলেন, ‘যে সন্ত্রাসীরা সরকারকে বেকায়দায় ফেলতে নিরপরাধ লোকদের হত্যা করেছে, তাদের ভয়ে কেনিয়া সরকার ভীতসন্ত্রস্ত নয়। সন্ত্রাসীদের বিরুদ্ধে পাল্টা লড়াই করার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’
সোমালিয়ার জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের সদস্যরা বৃহস্পতিবার ভোররাতে ওই ক্যাম্পাসে হামলা চালায়। মুসলিমদের মুক্তি দিয়ে খ্রিষ্টানসহ অন্য সম্প্রদায়ের সদস্যদের দিনব্যাপী জিম্মি করে রাখে তারা। এর মধ্যে অন্তত ১৪৭ জনকে হত্যার পর চারজন অস্ত্রধারী বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করে।
গতকাল ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহ উদ্ধার করা হয়। সেনাবাহিনী ক্যাম্পাসের নিরাপত্তাব্যবস্থা পরীক্ষা করে দেখেছে। জঙ্গিদের হাত থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা এবং নিহত ব্যক্তিদের স্বজনেরা বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে ভিড় করেন। বিশ্ববিদ্যালয়টি ‘অনির্দিষ্টকালের জন্য বন্ধ’ ঘোষণা করা হয়েছে।
এ রক্তক্ষয়ী ঘটনাকে ‘বর্বর’ কাজ আখ্যায়িত করে গতকাল সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ বলেছেন, সোমালিয়া ও কেনিয়াকে অবশ্যই নিজেদের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বাড়াতে হবে। এক বিবৃতিতে তিনি বলেন, ‘হত্যাকাণ্ডটি এ অঞ্চলের বিপদ দূর করতে দুই দেশের মধ্যে সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদার করার প্রয়োজনীয়তাই তুলে ধরেছে।’
আফ্রিকার দেশগুলোর জোট আফ্রিকান ইউনিয়নের (এইউ) প্রধান কোসাজানা দামিনি জুমা এ হত্যাকাণ্ডকে ‘কাপুরুষোচিত’ বলে উল্লেখ করেছেন।
হত্যাকারীর উল্লাস: বিশ্ববিদ্যালয়ে রক্তগঙ্গা বইয়ে দেওয়া জঙ্গিরা হত্যা করার সময় কীভাবে উল্লাস ও নিহত ব্যক্তিদের প্রতি বিদ্রূপ করে, তার বর্ণনা দিয়েছেন বেঁচে যাওয়া ব্যক্তিরা। শিক্ষার্থী সালিয়াস ওমোসা বলেন, ‘জঙ্গিরা ছাত্রদের পোশাক দেখে মুসলিম এবং অমুসলিমদের আলাদা করে ফেলে।’
সাহায্য সংস্থা আন্তর্জাতিক উদ্ধার কমিটির (আইআরসি) কর্মকর্তা রিউবেন নিয়াওরা বলেন, ‘ঘটনার পর বিশ্ববিদ্যালয়ে হলে গিয়ে যে বীভৎস দৃশ্য দেখতে পাই, তা কল্পনা করাও ভয়ংকর।’ নিয়াওরা বলেন, লাশের স্তূপ থেকে তিনজন নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ওই নারীরা জানিয়েছেন, অস্ত্রধারীরা মজা করতে করতে তাঁদেরকে রক্তের মধ্যে সাঁতার কাটতে বলে। পরে চলে যাওয়ার সময় তারা দৃশ্যত ওই তিন নারীকে গুলি করার কথা ভুলে যায়।