সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিউনিসিয়ার জাতীয় জাদুঘরে বুধবার বন্দুকধারীদের হামলার সময় ঘটনাস্থলের পাশেই অবস্থিত পার্লামেন্টের সামনে এক পুলিশ সদস্য ও একজন সাংবাদিক নিরাপদ স্থানের খোঁজে দৌড় দেন l ছবি: রয়টার্স
তিউনিসিয়ার জাতীয় জাদুঘরে বুধবার বন্দুকধারীদের হামলার সময় ঘটনাস্থলের পাশেই অবস্থিত পার্লামেন্টের সামনে এক পুলিশ সদস্য ও একজন সাংবাদিক নিরাপদ স্থানের খোঁজে দৌড় দেন l ছবি: রয়টার্স

তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেইজি সাইদ এসেবসি ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে নির্মম যুদ্ধ’ চালানোর ঘোষণা দিয়েছেন। গত বুধবার রাজধানী তিউনিসের বারদো জাদুঘরে বন্দুকধারীদের গুলিতে অন্তত ২৩ জন বিদেশি পর্যটক এবং দুজন তিউনিসীয় নিহত হওয়ার পর প্রেসিডেন্ট এ ঘোষণা দিলেন। খবর বিবিসি ও এএফপির।
হামলার নিন্দা জানানোর পাশাপাশি জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বনেতারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে তিউনিসিয়ার প্রতি সমর্থন জানিয়েছেন। এ ছাড়া ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিউনিসিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে।
এদিকে ইরাক-সিরিয়ার জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) গতকাল বলেছে, তারাই তিউনিসে হামলা চালিয়েছে। এক অডিও বার্তায় তারা এতে অংশ নেওয়া ‘খিলাফতের বীরদের’ প্রশংসা করেছে। এক বিবৃতিতে আইএস বলেছে, হামলায় অংশ নেওয়া দুজনের নাম আবু জাকারিয়া আল তিউনিসি ও আবু আনাস আল তিউনিসি বলে দাবি করা হয়।
ঘটনায় জড়িত সন্দেহে নয়জনকে আটক করা হয়েছে। নিরাপত্তার জন্য প্রধান শহরগুলোতে সেনাবাহিনী মোতায়েন করা হবে।
প্রেসিডেন্ট এসেবসি বলেন, ‘আমাদের শেষনিঃশ্বাস’ থাকা পর্যন্ত তিউনিসিয়া লড়াই করে যাবে। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা ভাষণে তিনি বলেন, ‘আমি চাই তিউনিসিয়ার জনগণ এটা বুঝুক যে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার পরিস্থিতিতে রয়েছি। বর্বর এই সংখ্যালঘুরা আমাদের ভীতসন্ত্রস্ত করতে পারে না। শেষনিঃশ্বাস থাকা পর্যন্ত নির্মম যুদ্ধ চালাব আমরা।’
প্রাচীন পুরাকীর্তির সমৃদ্ধ সংগ্রহের জন্য বিখ্যাত বারদো জাদুঘরের ওই হামলার ঘটনায় পুলিশ দুজন অস্ত্রধারীকে হত্যা করে।
প্রধানমন্ত্রী হাবিব এসিদ বলেন, বন্দুকধারীরা সামরিক পোশাক পরা ছিল। তারা ওই জাদুঘরে ঢুকে বিদেশি পর্যটকসহ দর্শকদের ওপর গুলি চালায়। বিদেশিদের মধ্যে ছিলেন ইতালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কলম্বিয়া, পোলান্ড, স্পেনসহ বিভিন্ন দেশের লোক।
বেঁচে যাওয়া এক জাপানি নারী কীভাবে তাঁর ও তাঁর মায়ের ওপর বৃষ্টির মতো গুলি করা হয়, তার বর্ণনা দিয়েছেন। হাসপাতালের শয্যা থেকে জাপানের এনএইচকে টেলিভিশনকে নরিকো ইউকি নামের ওই নারী বলেন, ‘ঘটনার সময় আমি গুটিসুটি মেরে হাত দিয়ে মাথা ঢেকে রাখি। আমার কান, হাত এবং মাথায় গুলি লাগে। পাশে থাকা আমার মায়ের ঘাড়েও গুলি লাগে।’
নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন জাপানি, চারজন ইতালীয়, দুজন কলম্বীয় এবং অস্ট্রেলিয়া, ফ্রান্স, পোল্যান্ড ও স্পেনের একজন করে নাগরিক রয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী এসিদ। নিহত ব্যক্তিদের কারও কারও দ্বৈত নাগরিকত্ব থাকার যে তথ্য এসিদ দিয়েছেন, সেটি নিয়ে অন্য দেশের সরকারের মতবিরোধ রয়েছে। এ ছাড়া নিহত দুজনের জাতীয়তা গতকাল পর্যন্ত শনাক্ত করা যায়নি।
স্বাস্থ্য মন্ত্রণালয় বেলছে, আহত ব্যক্তিদের মধ্যে বিভিন্ন দেশের ৪০ জন নাগরিক রয়েছেন।
জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিহিদে সুজা বলেছেন, পাঁচ জাপানি নিহত হয়েছেন, এ দাবিটি ‘ভুল’। তিনি বলেন, ওই ঘটনায় তিনজন জাপানি নিহত এবং তিনজন আহত হয়েছেন। এ ছাড়া হামলায় তিউনিসিয়ার এক বাসচালক ও এক পুলিশ সদস্য নিহত হন।
জাদুঘরে হামলাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে জাতিসংঘের মহাসচিব বান কি মুন এর নিন্দা জানিয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ওই হামলাকে ‘ঘৃণ্য কাজ’ বলে নিন্দা জানিয়েছে। ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য শোক প্রকাশ করে নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলেছে, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডই তিউনিসিয়াকে গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত করতে পারবে না। হামলায় জড়িত লোকদের বিচারের আওতায় আনার আহ্বানও জানানো হয় বিবৃতিতে।
নিন্দা জানানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে তিউনিসিয়াকে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে।