সমস্যাগুলো 'সামনাসামনি' মোকাবিলা করব: বুহারি
নাইজেরিয়ার নতুন প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি দেশের সমস্যাগুলোকে ‘সামনাসামনি’ মোকাবিলা ও বোকো হারামের বিরুদ্ধে লড়াই জোরদারের অঙ্গীকার করেছেন। গতকাল শুক্রবার রাজধানী আবুজায় শপথ নেওয়ার পর অভিষেক ভাষণে এ কথা জানান বুহারি। খবর এএফপির।
ঐতিহাসিক এক নির্বাচনের মধ্য দিয়ে আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ৭২ বছর বয়সী বুহারি। ভাষণে প্রেসিডেন্ট বলেন, তিনি উত্তরাধিকার সূত্রে অর্থনৈতিক অস্থিতিশীলতা ও ব্যাপক অসন্তোষের মতো বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি।
দলীয় সমর্থক এবং বিদেশি রাষ্ট্রপ্রধানসহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে দেওয়া ভাষণে বুহারি বলেন, ‘আমাদের ওপর দেশের দায়িত্ব দেওয়ার জন্য নাইজেরিয়ার মানুষকে অনুশোচনা করতে হবে না।’
জঙ্গি গোষ্ঠী বোকো হারামের তীব্র সমালোচনা করে ধার্মিক মুসলিম হিসেবে পরিচিত প্রেসিডেন্ট বুহারি বলেন, ‘এরা প্রকৃত ইসলাম ধর্মের বহু দূরে।’ তিনি জানান, বোর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরিতে সেনাবাহিনীর একটি নতুন কমান্ড সেন্টার স্থাপন করা হবে। ওই অঞ্চলটি হবে বোকো হারামের একটি শক্ত ঘাঁটি।