সাবেক প্রেসিডেন্টের সহযোগী বুরকিনা ফাসোর ক্ষমতায়
পশ্চিম আফ্রিকার ছোট দেশ বুরকিনা ফাসোতে গতকাল বৃহস্পতিবার গঠিত শাসক কর্তৃপক্ষের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন জেনারেল গিলবার্ট দিয়েনদেরে। দেশটির প্রেসিডেন্টের গার্ড বাহিনী অভ্যুত্থানের ঘোষণা দেওয়ার পর ওই শাসক কর্তৃপক্ষ গঠন করা হয়। জেনারেল দিয়েনদেরে গত বছর ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ব্লেইজ কমপাওরের সাবেক সহযোগী।
গত বুধবার বুরকিনা ফাসোর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মাইকেল কাফান্দো, প্রধানমন্ত্রী ইউকোবা আইজ্যাক জিদাসহ কয়েকজনকে বন্দী করেন সেনাসদস্যরা। গতকাল রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা এক বিবৃতিতে সেনারা ওই অভ্যুত্থানের নেতা হিসেবে গিলবার্ট দিয়েনদেরের নাম ঘোষণা করে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ দেশটির একসময়ের উপনিবেশ বুরকিনা ফাসোতে অভ্যুত্থানের তীব্র নিন্দা জানিয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে বলেছে, বুরকিনা ফাসোতে যে সামরিক অভ্যুত্থান হয়েছে, প্রেসিডেন্ট ওলাঁদ তার তীব্র নিন্দা জানান। তিনি গ্রেপ্তার করা সব লোককে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।