সিআইএর তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় ম্যান্ডেলাকে?
১৯৬২ সালে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলাকে গ্রেপ্তার করা হয়েছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে। সিআইএর সাবেক এজেন্ট ডোনাল্ড রিকার্ড তাঁর মৃত্যুর অল্প কিছুদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য দিয়েছেন। সানডে টাইমস পত্রিকা এ খবর প্রকাশ করেছে।
সংখ্যালঘু শ্বেতাঙ্গ সরকারের বর্ণবাদী শাসনের সক্রিয় বিরোধিতা করায় ২৭ বছর কারাভোগ করতে হয় নেলসন ম্যান্ডেলাকে। ১৯৯০ সালের ফেব্রুয়ারি মাসে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।
সিআইএ ম্যান্ডেলাকে নজরদারিতে রেখেছিল বলে দীর্ঘদিনের প্রচলিত ধারণাকেই দৃশ্যত নিশ্চিত করছে ওই সাক্ষাৎকার।
খবরে বলা হয়, ডোনাল্ড রিকার্ড সিআইএর সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না। দক্ষিণ আফ্রিকায় একজন কূটনীতিক হিসেবে কাজ করেছেন তিনি। সত্তরের দশকের শেষ দিকে অবসরে যান। এ বছরের প্রথম দিকে মারা যান তিনি।
এ তথ্য প্রকাশের পর ম্যান্ডেলার গ্রেপ্তারে সিআইএর কথিত ভূমিকা ও বর্ণবাদী সরকারের প্রতি তাদের সমর্থনের বিষয়ে দলিলপত্র প্রকাশের জন্য চাপ বাড়বে বলে মনে করা হচ্ছে। অতীতে এ ধরনের আহ্বান উপেক্ষা করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাটি।
সানডে টাইমস বলছে, ডোনাল্ড রিকার্ডের সাক্ষাৎকারটি নিয়েছিলেন যুক্তরাজ্যের চলচ্চিত্র পরিচালক জন আরভিন। তিনি ম্যান্ডেলার সংক্ষিপ্ত সশস্ত্র বিদ্রোহী জীবন নিয়ে ম্যান্ডেলাস গান নামে একটি চলচ্চিত্র তৈরি করেছিলেন।