সিরাম যাচ্ছে আফ্রিকায় চিকিৎসায় আশার সঞ্চার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া ভয়াবহ ইবোলা রোগের প্রকোপ রোধে আশার সঞ্চার হচ্ছে। ইবোলা রোগীর রক্ত থেকে তৈরি করা সিরাম (রক্তরস) দিয়ে একটি চিকিৎসাপদ্ধতি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আফ্রিকায় পোঁছাবে বলে ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এর পাশাপাশি দুই ধরনের প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগও আগামী বছর সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে জাতিসংঘের এ সংস্থাটি। এদিকে রেডক্রসের প্রধান বলেছেন, সব প্রচেষ্টা নেওয়া হলেও ইবোলা মহামারি নিয়ন্ত্রণে আরও অন্তত চার মাস লাগবে। খবর বিবিসি ও গার্ডিয়ানের।
ডব্লিউএইচওর স্বাস্থ্য ব্যবস্থা ও উদ্ভাবন শাখার সহকারী পরিচালক মেরি পাউলি কিয়েনি গত মঙ্গলবার জেনেভায় জানান, ইবোলা সংক্রমণ থেকে মুক্ত হওয়া ব্যক্তিদের রক্ত থেকে তৈরি সিরাম কয়েক সপ্তাহের মধ্যেই লাইবেরিয়ায় পৌঁছাবে। পশ্চিম আফ্রিকার এ দেশটিই ইবোলায় সবচেয়ে বেশি আক্রান্ত।
আক্রান্ত ব্যক্তি ইবোলা থেকে সেরে ওঠার পর তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার একটি ‘স্মৃতি’ থেকে যায়। এর ফলে পরের বার আক্রান্ত হলে সহজেই ওই ভাইরাসকে মেরে ফেলতে পারে। ইবোলা থেকে সেরে ওঠা রোগীর রক্ত নিয়ে তা থেকে লোহিত কণিকা সরিয়ে নিয়ে শুধু অ্যান্টিবডি রাখা হবে। এটি ব্যবহার করে চিকিৎসকেরা অন্য রোগীদের চিকিৎসা করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
সিরাম পাঠানোর ঘোষণার পাশাপাশি কিয়েনি এও বলেছেন, আগামী জানুয়ারি মাসের মধ্যে পশ্চিম আফ্রিকায় ইবোলার দুটি প্রতিষেধক পরীক্ষামূলকভাবে ব্যবহার সম্ভব হতে পারে। নতুন বছরে ২০ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী ও অন্যান্য মানুষের শরীরে এই প্রতিষেধকের পরীক্ষামূলক ব্যবহার করা হবে।
চার মাস লাগবে: এদিকে রেডক্রসের বৈশ্বিক প্রধান এলহাজ এস সাই বলেছেন, ‘আগেও যেমন নানা মহামারি থেকে আমরা মুক্তি পেয়েছি, এবারও ইবোলা থেকে মুক্ত হব। তবে আরও চার থেকে ছয় মাস লাগবে।’
রেডক্রসের প্রধান ইবোলা সংক্রমণ প্রতিরোধে ‘দেরি করে কার্যক্রম নেওয়ার’ সমালোচনা করে বলেন, ‘এর জন্য মূল্য তো দিতেই হবে।’
আফ্রিকান ইউনিয়নের প্রধান নকোসাজানা লামিনি-জুমা ইবোলায় আক্রান্ত তিনটি দেশ সফর করবেন বলে সংস্থার সূত্রে জানানো হয়েছে। ইবোলার প্রাদুর্ভাবের পর তিনিই হবেন প্রথম উচ্চপর্যায়ের একজন ব্যক্তি, যিনি ওই অঞ্চল সফর করবেন।
যুক্তরাষ্ট্রের কড়াকড়ি: ইবোলায় আক্রান্ত তিন দেশের বিমানযাত্রীরা যুক্তরাষ্ট্রের মাত্র পাঁচটি বিমানবন্দর ব্যবহার করতে পারবে বলে কড়াকড়ি আরোপ করেছে দেশটি। যুক্তরাষ্ট্র দেশটির পাঁচটি বিমানবন্দর নির্দিষ্ট করে দিয়ে বলেছে, আফ্রিকার ইবোলা আক্রান্ত তিন দেশ লাইবেরিয়া, গিনি ও সিয়েরালিওন থেকে যেসব যাত্রী আসবে তাদের ওই বিমানবন্দরই ব্যবহার করতে হবে। এগুলো হলো ও’হেয়ার, জন এফ কেনেডি, নেওয়ার্ক, ডালাস এবং আটলান্টা। এসব বিমানবন্দরে ইবোলায় আক্রান্ত দেশগুলো থেকে আসা ব্যক্তিদের শরীর পরীক্ষার ব্যবস্থা আছে।
এদিকে আফ্রিকার বাইরের দেশের ইবোলায় আক্রান্ত একাধিক ব্যক্তি দ্রুত এই ভাইরাস থেকে সেরে উঠছেন। যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার একটি হাসপাতালে চিকিৎসাধীন এনবিসির ফ্রিল্যান্স আলোকচিত্রী অশোকা মাকপো ইবোলামুক্ত হয়েছেন। তিনি পশ্চিম আফ্রিকা গিয়ে আক্রান্ত হয়েছিলেন। ইবোলা আক্রান্ত স্পেনের সেবিকাও সেরে উঠছেন।
ইবোলায় আক্রান্ত হয়ে ইতিমধ্যে চার হাজারের বেশি মানুষ মারা গেছে। ডব্লিউএইচও বলছে, আগামী ডিসেম্বরের মধ্যে আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজারে পৌঁছাতে পারে। এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের ৭০ শতাংশ মানুষই মারা গেছে।