পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে ‘ভয়ানক হারে’ ছড়িয়ে পড়ছে মারাত্মক ইবোলা ভাইরাস। দেশটিতে প্রতি ঘণ্টায় অন্তত পাঁচজন এতে আক্রান্ত হচ্ছে। আন্তর্জাতিক দাতব্য সংগঠন সেভ দ্য চিলড্রেন এ তথ্য জানিয়েছে। বিবিসি।
সেভ দ্য চিলড্রেন হুঁশিয়ার করে দিয়ে বলেছে, সিয়েরা লিওনে প্রয়োজনের তুলনা স্বাস্থ্যসেবার সুযোগ-সুবিধা অনেক কম। এ কারণে সংকট প্রকট আকার ধারণ করছে।
সংগঠনটি জানায়, গত এক সপ্তাহে সিয়েরা লিওনে নতুন করে অন্তত ৭৬৫ জন ইবোলায় আক্রান্ত হয়েছে। অথচ সারা দেশেই তাদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য রয়েছে মাত্র ৩২৭টি হাসপাতাল-শয্যা।
এ বছরের ইবোলা সংক্রমণে পশ্চিম আফ্রিকায় এরই মধ্যে তিন হাজার ৩৩৮ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছে অন্তত সাত হাজার ১৭৮ জন।
বিবিসির ‘টুডে’ অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেনের প্রধান নির্বাহী বলেন, ‘আমরা সময়ের বিরুদ্ধে লড়াই করছি। এখনই জরুরি ভিত্তিতে ব্যবস্থা না নিলে সিয়েরা লিওনে চলতি মাসের শেষে প্রতি ঘণ্টায় ইবোলায় আক্রান্তের সংখ্যা ১০-এ উঠতে পারে।’